অনলাইনে জালিয়াতি টাকা আত্মসাৎ
সোনালী ব্যাংকের কুড়িগ্রাম প্রধান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার ঘটনা ঘটেছে। অনলাইনে ভুয়া মানি ট্রান্সফার (এমটি) করে এ টাকা আত্মসাৎ করা হয়। এখন পর্যন্ত এক লাখ ২০ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে।সোনালী ব্যাংকের কুড়িগ্রাম চিলমারী শাখার ব্যবস্থাপক মজিবর রহমান জানান, এ বছর ২ ফেব্রুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর শাখা থেকে ছয় দফায় কুড়িগ্রাম শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ১০২৫৯/২বি এবং ৬৩১৬/২বি-এর অনুকূলে অনলাইনে ভুয়া মানি ট্রান্সফারের মাধ্যমে এক লাখ ২০ হাজার ৫০০ টাকা পাঠানো হয়। গত বুধবার আন্তব্যাংকিং কম্পিউটারের হিসাব দেখতে গিয়ে তিনি এ জালিয়াতির ঘটনা জানতে পারেন এবং কুড়িগ্রাম শাখায় খোঁজ নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হন।কুড়িগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক ওবায়দুর রহমান জানান, ব্যাংকের কুড়িগ্রাম প্রধান, উলিপুর ও চিলমারী শাখায় ইন্সট্যান্ট ফাইন্যানশিয়াল রিকনসিলিশন ম্যাসেজিং সিস্টেম তৈরির দায়িত্বে নিয়োজিত এমপ্লিচুড ইনফরমেশন টেকনোলজির মনোরঞ্জন রায় এই জালিয়াতির হোতা বলে চিহ্নিত করা হয়েছে। পুলিশ মনোরঞ্জন রায়কে ওই দিনই গ্রেপ্তার করেছে। এ শাখার আইটি কর্মকর্তা আবদুল মজিদ ও সাপোর্ট স্টাফ মমিনুল ইসলামের সঞ্চয়ী হিসাব জালিয়াতির কাজে ব্যবহার করা হয়েছে। এ দুজনকে আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়। কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এ টি এম একরামুল হক বলেন, কী পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাহারুল ইসলাম জানান, আত্মসাতের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের রংপুর কার্যালয়ে পাঠানো হয়েছে।