অনলাইনে তথ্য চাইতে জনগণকে উৎসাহ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গতকাল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের নতুন রাষ্ট্রদূত এদুয়ার্দো দে লাইগ্লেসিয়া ই দেল রোসাল l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গতকাল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের নতুন রাষ্ট্রদূত এদুয়ার্দো দে লাইগ্লেসিয়া ই দেল রোসাল l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও বেসরকারি সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য চাইতে বা এ ব্যাপারে অভিযোগ করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে তথ্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মাদ ফারুক গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তাঁর কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদন গ্রহণ করে শেখ হাসিনা কমিশনের প্রতি এই আহ্বান জানান। খবর বাসসের।
প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তথ্য কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তাঁর সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় সব তথ্যের প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, তথ্য পেতে মানুষকে প্রচলিত পদ্ধতিতে আবেদন লেখার পরিবর্তে অনলাইন ব্যবহারে উৎসাহিত করতে হবে।
প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণকে তথ্য দিতে বর্তমানে সরকারি কার্যালয়গুলোতে ২১ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষ সাধারণত ভূমি, স্বাস্থ্য ও শিক্ষা খাত সম্পর্কে তথ্য জানতে আগ্রহী। তিনি বলেন, গত বছর ৭০ হাজার তথ্য সম্পর্কে আবেদন পাওয়া গেছে এবং ১ হাজার ৯৫টি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের অধিকাংশই নিষ্পত্তি হয়েছে।
‘স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে’: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশের বিভিন্ন এলাকায় বিশেষ অর্থনৈতিক জোনে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।
বাংলাদেশে সদ্য নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দ্য লাইজিয়েসিয়া দেল রোসাল গতকাল তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, স্পেন দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে স্পেনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকায় দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। স্পেনের রাষ্ট্রদূত বলেন, বিদ্যুৎ, জ্বালানি এবং রেলওয়ে খাতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা হতে পারে।