অনলাইনে নকশা দেখে 'কারচুপি'র ফরমাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে একটু ঢুঁ দিলেই নানা ফ্যাশন পেজের বিজ্ঞাপন চোখে পড়ছে। বাহারি কাজ ও ঝলমলে পোশাকের বাহার। নকশায় নতুনত্ব আনার প্রতিযোগিতা। আর এত নকশার জোগান দিতে ব্যস্ত সময় যাচ্ছে ফেব্রিকস, এমব্রয়ডারি ও কারচুপির কাজের দোকানগুলোতে।

কাপড়ের ওপর পুঁতি ও পাথর বসিয়ে বাহারি নকশার একটি পদ্ধতি হলো কারচুপি।

ফারজানা পন্নির নিজের নামেই অনলাইনভিত্তিক একটি ফ্যাশন হাউস আছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ফরমাশ দিচ্ছিলেন নিউমার্কেটের তৃতীয় তলার এক দোকানে। একেকজনের একেক রকম চাহিদা। তাই প্রায় প্রতিদিনই তাঁকে আসতে হচ্ছে। এবারের ট্রেন্ড নিয়ে জানতে চাইলে পন্নি বলেন, কারচুপি চলছে বেশি। অনলাইনে একটি ডিজাইন জনপ্রিয়তা পেলে ওটার চাহিদাই চলতে থাকে। তিনি নিজের মুঠোফোনে কয়েকটি নকশা দেখিয়ে বললেন, এখন পর্যন্ত ১৫টির মতো ফরমাশ পেয়েছেন।

ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিউমার্কেটের ব্লক-বাটিকের চাহিদা খুব একটা নেই। তবে এমব্রয়ডারি ও কারচুপির কাজের দোকানগুলোর ব্যস্ততা চোখে পড়ার মতো। এবার উজ্জ্বল রঙের সুতা, পাথর, কাচ, পুঁতি ও চুমকি দিয়ে কারচুপির কাজের বেশ চাহিদা। বর্ণলতা এমব্রয়ডারি হাউসের মালিক মো. রকি বলেন, গতবার ডলারের কাজ চলেছে। এবার এমব্রয়ডারির সঙ্গে কাচ বসানো কাজের চাহিদা বেশি। মূলত লিনেন, জর্জেট বা সিল্ক-জাতীয় কাপড়ে করা হয় এ কারচুপির কাজ। নিউমার্কেটে কারচুপির ধরন অনুযায়ী একেকটি কামিজের খরচ ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ১৫ রোজার পর তাঁরা কেউ নতুন ফরমাশ নেবেন না।

প্রিয়াঙ্গন শপিং সেন্টারে অনেক এমব্রয়ডারির দোকান। ভিড়টাও এখানে তুলনামূলক বেশি। এমব্রয়ডারির সব দোকানেই ঝুলছে বাহারি নকশার পোশাক। ক্রেতারা নেড়েচেড়ে দেখছেন। শাম্মী রেজা তিন বোনের জন্য একই রকম পোশাক বানাবেন। কিছুটা দ্বিধায় আছেন কোন নকশার পোশাক পরবেন তা নিয়ে। তিনি বলেন, ‘অনলাইনে দেখি অনেকেই কারচুপির পোশাকের ছবি দিচ্ছে। মনে হচ্ছে, এবার সবাই এটাই পরবে বেশি। একটু দেরি হয়ে গেল, দোকানিরা নতুন ডিজাইন নিতে চাচ্ছেন না। ফরমাশ দিতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে।’

ফয়সাল এমব্রয়ডারি হাউসের মাস্টার মো. নাসির দেখালেন কী কী চলছে। গোড়াপাতি, স্প্রিং ও স্টোন বসানোর কাজ বেশি এবার। গোড়াপাতিতে মূলত পুঁতির আধিক্য বেশি। স্প্রিংয়ে ভারী সুতা, পুঁতি, কাচ সবই থাকে। তবে গোলাকৃতি কাচের নকশা বেশি চোখে পড়ল। সব কারচুপির কাজ গলার দিকেই বেশি হচ্ছে। প্রিয়াঙ্গনে কাজের ধরন অনুযায়ী কামিজপ্রতি খরচ ৭০০ থেকে ২ হাজার টাকা।

আশা ফেব্রিকস অ্যান্ড টেইলার্সের মালিক মো. ইউসুফ বলেন, তাঁদের ঈদের ভিড় শুরু হয়েছে প্রায় ছয় মাস আগেই। অনলাইনভিত্তিক ফ্যাশন হাউসগুলো তাঁদের মূল ক্রেতা। এরা অনেক আগেই নকশা করিয়ে নেয়। তবে এখন আর নতুন নকশার ফরমাশ নিচ্ছেন না। তাঁদের দোকানে যে নকশাগুলো আছে, সেগুলোই করছেন।