সাইবার বুলিং প্রতিরোধ দিবস আজ
অনলাইনে নিরাপদ থাকার জন্য নিয়মকানুন শিশুদের জানাতে হবে
আজ শুক্রবার সাইবার বুলিং প্রতিরোধ দিবস। জুন মাসের তৃতীয় শুক্রবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বাংলাদেশে এর আগে সেভাবে পালন করা না হলেও এবার বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দিবসটি পালন করছে। ‘স্টপ সাইবার বুলিং ডে’ ওয়েবসাইটের তথ্যমতে, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশ অনলাইন বুলিং বা হয়রানির শিকার হয়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর মাত্রা। কীভাবে অনলাইনে হয়রানি থেকে শিক্ষার্থীসহ সবাই সচেতন হতে পারে, সে বিষয়ে কথা বলেছেন এই বিশিষ্টজন।
করোনাভাইরাসের মহামারির কারণে দেশব্যাপী স্কুল বন্ধ থাকায় শিশুরা আরও বেশি করে অনলাইন টুলসের দিকে ঝুঁকে পড়তে শুরু করেছে। মহামারির কারণে সৃষ্টি হওয়া নানা অনিশ্চয়তা ও নিজেদের কাজের ভারসাম্য রেখে অনলাইন শিক্ষা সঠিকভাবে পরিচালনা করতে হচ্ছে মা-বাবা ও অভিভাবকদের। তাই অনলাইনে শিশুদের সুরক্ষা দিতে আমাদের প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এই বিষয়ে দাতা, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, সরকারের মতো অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ। উপযুক্ত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য নীতিনির্ধারক পর্যায়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। নিয়ন্ত্রক কাঠামো, পাঠ্যসূচি ও নীতিমালায় অনলাইনে শিশুদের সুরক্ষার বিষয়টি অনুপস্থিত। তাই জাতীয় পাঠ্যসূচিতে নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
শিশু সুরক্ষা সেবার সঙ্গে যুক্ত বিষয়গুলো তুলে ধরতে কার্যকর রিপোর্টিং, সাড়া দানের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে হবে। এই রকম জাতীয় কর্মসূচি চালাতে প্রয়োজনীয় অর্থসহায়তা দেওয়া হয়েছে। সাইবার বুলিং ঠেকাতে জাতীয় কর্মসূচি চালানোর অব্যাহত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।
শিশুরা যাতে অনলাইনের বাজে বিষয়বস্তুগুলো না পায়, সেটা নিশ্চিত করতে হবে এবং অনলাইনে নিরাপদ থাকার জন্য নিয়মকানুন ও পদক্ষেপগুলো শিশুদের জানাতে হবে। এসব কাজ বাবা-মাকেই নিশ্চিত করতে হবে। কোডিভ-১৯ মহামারিকে বিশেষ গুরুত্ব দিয়ে অনলাইন সুরক্ষার বিষয়ে সক্ষমতা গড়ার কৌশল ও সাড়াদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিক্ষক ও বাবা-মায়ের উপযোগী এই কৌশল মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ও কিশোর ক্লাবের মাধ্যমে চালু করা হয়েছে।