অনলাইনে নির্ধারণ না করলে সরকারি কর্মচারীদের বেতন স্থগিত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে নিজেদের বেতন নিজেরা নির্ধারণ (পে-ফিক্সেশন) না করলে আগামী জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের বেতন সাময়িক স্থগিত থাকবে। অর্থ মন্ত্রণালয় গত সোমবার সরকারি কর্মচারীদের উদ্দেশে একটি পরিপত্র জারি করে এ কথা জানিয়েছে।
সাধারণত এক মাসের বেতন দেওয়া হয় পরের মাসের ১ তারিখে। সে হিসেবে জুলাই মাসের বেতন হবে আগামী ১ আগস্ট। এই বেতন পেতে চাইলে ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণের কাজটি শেষ করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। অবশ্য যাঁদের বেতন স্থগিত থাকবে, তাঁরা পরবর্তী সময়ে সফলভাবে অনলাইনে বেতন নির্ধারণ করলে যথানিয়মে বকেয়া বেতন পাবেন।
নতুন বেতন আদেশ জারির পর সরকারি কর্মচারীদের জন্য গত বছরের ১৫ ডিসেম্বর আলাদা প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে বেতন নির্ধারণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য তথ্য নিয়ে একটি নির্ভুল তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরি করছে সরকার। এই তথ্যভান্ডার ব্যবহার করে সরকারি চাকরিজীবীদের জন্য একটি আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ‘পে-রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ তৈরির কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে বেতন-ভাতা নির্ধারিত ব্যাংক হিসাবে যাওয়া, স্বয়ংক্রিয়ভাবে শেষ বেতনের প্রত্যয়নপত্র (এলপিসি) প্রণয়ন, অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন প্রস্তাব দ্রুত নিষ্পত্তি ইত্যাদি কাজ আরও দক্ষতার সঙ্গে করা যাবে।
জাতীয় পরিচয়পত্রের তথ্যগত ভুল সংশোধন এবং বিভিন্ন কারণে এখনো স্বল্পসংখ্যক কর্মচারী অনলাইনে বেতন নির্ধারণ করেননি বলে পরিপত্রে বলা হয়েছে। বলা হয়েছে, ‘আর এ কারণে তথ্যভান্ডারের কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে এবং সরকারের গুরুত্বপূর্ণ কিছু কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’
পরিপত্রে আরও বলা হয়, যেসব সরকারি চাকরিজীবীর জাতীয় পরিচয়পত্র নেই এবং বর্তমান কর্মস্থল থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার সুযোগ নেই, তাঁরা যাতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন, সে বিষয়টি তাঁদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিশ্চিত করবে।