অনলাইনে পাওয়া যাবে স্টিমারের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী স্টিমার বা জাহাজের টিকিট আগামী ১ মে থেকে অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে টিকিট পেতে যোগাযোগ করতে হবে www.shohoz.com এ ঠিকানায়। এ ছাড়া কল সেন্টারে ১৬৩৭৪ নম্বরে ফোন করেও টিকিট পাওয়া যাবে।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেডের মধ্যে আজ রোববার এ সংক্রান্ত এক চুক্তিপত্র সই হয়। চুক্তিপত্রে সই করেন বিআইডব্লিউটিসি’র সচিব ফজলুল করিম ও সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সচিব শফিক আলম মেহেদী ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য যাত্রীবাহী জাহাজের টিকিট অনলাইন প্রযুক্তির সাহায্যে বিক্রির জন্য ওয়েবসাইট, কলসেন্টার, মোবাইল প্ল্যাটফর্ম ও অন্যান্য মাধ্যমে সহজ লিমিটেড চালু করবে। নিরাপত্তা জামানত হিসেবে সহজ লিমিটেড কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসির খাতে পাঁচ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি জমা করবে। প্রতি সপ্তাহ শেষে টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বিআইডব্লিউটিসিকে জমা দেবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনসহ সুলভ শ্রেণির টিকিট যাত্রার পাঁচ দিন আগে থেকে বিক্রি করা যাবে। সহজ লিমিটেড কেবিনের প্রতি টিকিটের বিপরীতে ২১ টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। এ ছাড়া তৃতীয় শ্রেণির প্রতি টিকিটে ১০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। দুপুর ২টার মধ্যে টিকিট বিক্রি সম্পর্কে বিআইডব্লিউটিসিকে তথ্য জানাবে।

এম ভি বাঙ্গালী, পি এস মাহসুদ, পি এস অস্ট্রিট, পি এস লেপচা, পি এস টার্ন ও এম ভি সেলা জাহাজের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৭৪টি কেবিনের এবং তৃতীয় শ্রেণির সব টিকিট সহজ লিমিটেড কর্তৃপক্ষ অনলাইনে বিক্রি করতে পারবে। ভিআইপি ও অন্যান্য কেবিনের টিকিট বিক্রির দায়িত্ব বিআইডব্লিউটিসির হাতেই থাকবে।