অনলাইনে প্রশিক্ষণ পাবেন তথ্যদাতা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারি দপ্তরগুলোতে তথ্য দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইনে প্রশিক্ষণ দেবে তথ্য কমিশন। নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধনের ভিত্তিতে তথ্য অধিকার আইনের ওপর এই প্রশিক্ষণ দেওয়া হবে। 

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এই প্রশিক্ষণ কাজে সহযোগিতা করছে বেসরকারি গবেষণা সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা, তথ্য দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, নিজেদের মানুষদের সেবা করছেন, এমন মনোভাব নিয়ে প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। রাষ্ট্র ও জনগণের মধ্যে যে দূরত্ব চলছে, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে তা দূর হবে।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই প্রশিক্ষণ কোর্সের ধারণা নিয়ে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ চালু করা যেতে পারে।
সভাপতির বক্তৃতায় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, সবাইকেই এই আইন সম্পর্কে জানতে হবে। বর্তমানে তথ্য দেওয়ার ও তথ্য চাওয়ার প্রবণতা বেড়েছে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নজরুল ইসলাম, তথ্যসচিব মরতুজা আহমদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ।