অনলাইনে বই চান পাঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে পড়াশোনায় মগ্ন দুজন পাঠক। ছবিটি বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে পড়াশোনায় মগ্ন দুজন পাঠক। ছবিটি বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

এশিয়াটিক সোসাইটি একটি গবেষণা প্রতিষ্ঠান। ইতিহাস গবেষণা হয় এখানে। আর এর লাইব্রেরিটিও বিশেষ ধরনের। কুড়ি হাজার বইয়ের মধ্যে বেশির ভাগই ইতিহাসনির্ভর। এই লাইব্রেরি এখানকার সদস্যদের জন্য হলেও সাধারণ পাঠকেরাও অনুমতি নিয়ে বিশাল এই জ্ঞানভান্ডার থেকে রস আস্বাদন করতে পারেন।
মেয়র হানিফ উড়ালসড়কটি নিমতলীতে যেখানে নেমেছে, ঠিক এর গোড়াতেই এশিয়াটিক সোসাইটির কার্যালয়। লাইব্রেরিটি ফেলোশিপ ভবনের নিচতলায়।
এশিয়াটিক সোসাইটি নামটি এলেই সবার আগে আসে ১৪ খণ্ডের বাংলাপিডিয়া এবং ঢাকার চার শ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ঢাকার ওপর ১৯টি বই।
বাংলাদেশে এশিয়াটিক সোসাইটির যাত্রা শুরু ১৯৫২ সালে। তখন নাম ছিল এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান। ১৯৭১ সালে স্বাধীনতার পরে প্রতিষ্ঠানটির পুনরায় নামকরণ হয় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। অধ্যাপক আহমেদ হাসান দানি, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, অধ্যাপক এ বি এম হাবিবুল্লাহ, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক ডব্লিউ এইচ এ শাদানি, অধ্যাপক আই এইচ জুবেরির মতো বিশিষ্ট লোকজন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্দেশ্য ছিল সোসাইটিকে শিক্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা, বিশেষ করে এশিয়ার ওপর গবেষণা।
গত ৩১ অক্টোবর সকালে লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, তাকের পর তাক সাজানো বই। একপাশে লম্বা চেয়ার-টেবিল। লাইব্রেরির কর্মীরা নানা কাজে ব্যস্ত। বই পড়ছেন দুজন পাঠক। সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ জাকির লস্কর বলছিলেন, এখানে যে সংগ্রহ আছে, তা হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না। তিনি এই লাইব্রেরির কয়েকটি বিরল বইয়ের নাম উল্লেখ করেন। সেগুলোর মধ্যে রয়েছে ১৮৪২ সালে প্রকাশিত জেমস অ্যাটকিনসনের দ্য এক্সপিডিশন ইনটু আফগানিস্তান; ১৮৬৬ সালে প্রকাশিত রবার্ট বি স্মার্টের ডিস্ট্রিক্ট অব টিপারা; ১৮৭৪ সালে প্রকাশিত মৌলবী সৈয়দ কেরামত আলীর সাবাথ অ্যান্ড টাইডাল মোশনস। এ ছাড়া অন্যান্য বিরল বইয়ের মধ্যে রয়েছে আর্লি রেভিনিউ হিস্টরি অব বেঙ্গল; এ প্যাসেজ টু ইন্ডিয়া; হিস্টরি অব দ্য রাইজ অব দ্য মোহামেডান পাওয়ার ইন ইন্ডিয়া; আইন-ই-আকবরী; ডন ইন ইন্ডিয়া,; দ্য ইফেক্ট অব ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স; ডেসার্ট এনকাউন্টার।
এ ছাড়া এ লাইব্রেরিতে আছে ফারসি ভাষায় হাতে লেখা ১৮১টি পাণ্ডুলিপি। আছে বাংলা ও সংস্কৃতি ভাষায় তালপাতা ও তুলোট কাগজে লেখা ১৫টি পুঁথি। বেশ কিছু বই আছে যেগুলো আরবি, উর্দু ও ফারসি ভাষায় লেখা। অনেকেই এই পুঁথি ও পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করছেন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে লাইব্রেরি। সরকারি ছুটির দিনে বন্ধ। ব্যবহারকারীরা চাইলে বই ও জার্নাল থেকে প্রয়োজনীয় অংশটুকু ফটোকপি করে নিতে পারেন। বই বাসায় নিতে পারেন কেবল সদস্যরাই। একজন সদস্য একসঙ্গে তিনটি বই নিতে পারেন এক মাসের জন্য। তবে বিরল বই দেওয়া হয় না। এখানকার লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বললেন, সদস্যরা সাধারণত এখানে বসে পড়েন না। তাঁরা বই নিয়ে চলে যান। তাই সারা দিনে এখানে বসে পড়েন ছয়-সাতজনের মতো পাঠক।
এশিয়াটিক সোসাইটি একটি অরাজনৈতিক ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান। ১৭ সদস্যের একটি পরিষদ দিয়ে পরিচালিত হয় এই সোসাইটি। পরিষদের মেয়াদ দুই বছর। সাধারণ সম্পাদকই পরিষদের নির্বাহী প্রধান। আর এই পরিষদকে নির্বাচিত করেন এর সাধারণ সদস্যরা। বর্তমানে সদস্যসংখ্যা ২ হাজার ৩০০। কমপক্ষে দুটি গবেষণাগ্রন্থ থাকলেই কেবল সদস্যপদের জন্য আবেদন করা যায়।
তবে প্রতিষ্ঠার ৬০ বছরের বেশি সময় পার হলেও লাইব্রেরিটি খুব একটা এগোয়নি বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় পুরোনো ও বিরল বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাঁরা মনে করেন, এশিয়াটিক সোসাইটি যে মাপের প্রতিষ্ঠান, সেই তুলনায় লাইব্রেরির জায়গা কম। স্থানসংকুলান না হওয়ায় সংগ্রহ বাড়ানো যাচ্ছে না। অটোমেশনের (পুরো বইয়ের ক্যাটালগ কম্পিউটারাইজড করা) কাজটি এগোচ্ছে ধীরগতিতে। এ ছাড়া লাইব্রেরিটি ডিজিটালাইজড করা দরকার। অর্থাৎ, পাঠক যেন ইন্টারনেটে কিছু বই পড়তে পারে, সেই ব্যবস্থা করা দরকার।
লাইব্রেরির কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতার সময় পাশের টেবিলে কয়েকটি বই থেকে নোট নিচ্ছিলেন এক ভদ্রলোক। জানা গেল, তাঁর নাম মো. মোস্তফা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন তরুণ কর্মকর্তা। দাপ্তরিক প্রয়োজনে প্রথমবারই এসেছেন। মো. মোস্তফা বলছিলেন, ‘এশিয়াটিক সোসাইটির কাছে মানুষের প্রত্যাশা বেশি। গতানুগতিকের বাইরে এসে মানুষকে সেবাটা দিতে হবে।’ তাঁর প্রশ্ন, ‘কী অসুবিধা হয় কিছু বই ইন্টারনেটে দিয়ে দিলে?’
জানতে চাইলে সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম গোলাম রব্বানী শুক্রবার প্রথম আলোকে বললেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা একটা পরিকল্পনা দিয়েছি। সেটা বাস্তবায়িত হলে উল্লেখিত সমস্যাগুলোর সমাধান হবে।’