অনলাইনে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্র এবার অনলাইনে বই পড়ার কর্মসূচি শুরু করেছে। আজ বুধবার ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আলোর পাঠশালা’ নামের এই কর্মসূচি শুরু করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

‘আলোর পাঠশালা’ নামের ওয়েবসাইটে (alorpathshala.org) গিয়ে বিনা মূল্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া যাবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, এই ‘আলোর পাঠশালা’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাংলা ও বিশ্বসাহিত্যের সেরা কিছু বই পড়ার সুযোগ পাবেন। কেন্দ্রের নিজস্ব প্রকাশনার ৭২টি বই নিয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। আগ্রহী পাঠকেরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনা মূল্যে বইগুলো ডাউনলোড করে পড়ার সুযোগ পাবেন।

বই পড়া উত্সাহিত করতে পাঠকের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকছে। প্রতি চারটি বই পড়ার জন্য একজন পাঠক একটি বই পুরস্কার হিসেবে পাবেন বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।