অনলাইনে সক্রিয় মেয়র প্রার্থীরা
পোস্টার, ব্যানার, বিলবোর্ড—সনাতন সব পদ্ধতিতেই প্রচারণা চলছে। সঙ্গে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। অনলাইন প্রচারণা। অন্যান্য নির্বাচনে কমবেশি ব্যবহৃত হলেও এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা বেশি সক্রিয় অনলাইনে। তরুণ প্রজন্মও বিষয়টি ভালোভাবে গ্রহণ করেছে।
অনলাইন প্রচারণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ফেসবুক। পাশাপাশি ওয়েবসাইট, ইউটিউব, ব্লগ, টুইটার ও খুদে বার্তার মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীরা নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলোতে সমর্থন চেয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিনই ভোটারদের প্রতি দেওয়া হচ্ছে প্রতিশ্রুতিসংবলিত ছবি ও প্রচারণার সর্বশেষ খবর।
ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন তাঁর ফেসবুক পেজে জানাচ্ছেন প্রতিশ্রুতি। সেখানে সাংসদ হাজি সেলিমের সঙ্গে তাঁর একাধিক ছবিও পোস্ট দিয়েছেন। তিনি ‘আসুন সম্ভাবনার কথা বলি’ স্লোগানে ওয়েবপেজে প্রচারণা চালাচ্ছেন। ইউটিউব ভিডিও আপলোড করেছেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
দক্ষিণের আরেক প্রার্থী গোলাম মাওলা রনিও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। মনোনয়নপত্র কেনা থেকে শুরু করে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই পর্যন্ত প্রতিটি ঘটনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন সাবেক এই সাংসদ।
ফেসবুকে প্রার্থীদের নাম লিখে খোঁজ (সার্চ) করলেই চোখে পড়ছে তাঁদের প্রচারণার চিত্র। তবে দক্ষিণের প্রার্থীদের তুলনায় অনলাইন প্রচারণায় এগিয়ে উত্তরের প্রার্থীরা।
উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের নামে ফেসবুক, টুইটার ও ইউটিউবে চলছে সরব প্রচার। তিনি ‘আমরা ঢাকা’ নামে একটি ফেসবুক পেজে তরুণ-তরুণীদের কাছ থেকে ঢাকার বিভিন্ন সমস্যা, ভবিষ্যৎ ঢাকা কেমন দেখতে চান ইত্যাদি বিষয়ে মতামত নিচ্ছেন। একই সঙ্গে কল সেন্টারের মাধ্যমেও জনসাধারণের সমস্যা ও পরামর্শ নিচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় সবার থেকে কিছুটা এগিয়ে উত্তরের মাহী বি চৌধুরী। মেয়র প্রার্থীদের মধ্যে একমাত্র তিনিই ফেসবুক ফেরিফাইড (সত্যায়িত) পেজের স্বত্বাধিকারী। ফেসবুক পেজের মাধ্যমে পোলিং এজেন্ট ও স্বেচ্ছাসেবক নিবন্ধন করছেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব। অনলাইনে প্রচারণার বিষয়ে মাহী বি চৌধুরী বলেন, ‘বর্তমান প্রজন্ম অনলাইনে তৎপর। এ প্রজন্ম কী চায়, তাঁদের অনলাইন ভাবনাগুলোকে চিহ্নিত করে নির্বাচনে নেমেছি।’
প্রার্থীদের এই অনলাইন প্রচারণাকে স্বাগতই জানাচ্ছেন তরুণেরা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের তরুণ চাকরিজীবী আবু নাসিম বললেন, ‘আমরা মেয়রের কাছে নিজেদের চাহিদাগুলো, কেমন ঢাকা দেখতে চাই, তা অনলাইনে জানাতে পারছি। তাঁদের প্রতিশ্রুতিগুলোও জানতে পারছি।’
অনলাইন প্রচারণায় সক্রিয় উত্তরের প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সমর্থিত আবদুল্লাহ আল ক্বাফিও। তাঁর সমর্থকদের পক্ষ থেকে শ্রমিকদের বঞ্চনার বিষয়গুলোতে প্রাধান্য দিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। উত্তরের আরেক প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীও এ প্রচারণা থেকে বাদ নেই। তিনি তফসিল ঘোষণার কয়েক দিন আগে থেকে অনলাইনে সক্রিয় হয়ে ওঠেন। ‘আগামীর ঢাকা, সকলে মিলে’ স্লোগান নিয়ে প্রচারণায় নেমেছেন উত্তরের অপর মেয়র প্রার্থী জোনায়েদ সাকি। তিনি তাঁর ফেসবুক পেজে জানাচ্ছেন প্রচারণার সর্বশেষ তথ্য।
পিছিয়ে আব্বাস-তাবিথ: অনলাইন প্রচারণায় অন্য প্রার্থীরা সক্রিয় হলেও দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস ও উত্তরের তাবিথ আউয়াল কিছুটা পিছিয়ে। মির্জা আব্বাসের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও এটি তেমন সক্রিয় নয়। তবে বিএনপির সমর্থকদের পোস্ট করা বিভিন্ন লিংকে ট্যাগ করা আছেন সাবেক এই মেয়র। আর উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ফেসবুকে এখনো প্রচারণা শুরু করেননি। তবে তাঁর নামে একটি ফ্যান পেজ খোলা হয়েছে।