অনলাইনে সন্তানকে নিরাপদ রাখার উপায় জানতে চান ৭০ শতাংশ অভিভাবক
সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ে অভিভাবক সব সময়ই উদ্বিগ্ন থাকেন। করোনাকালে সন্তানদের অনলাইনে সময় কাটানোর পরিমাণও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ঝুঁকি। অনলাইনে সন্তানকে কীভাবে নিরাপদ রাখা যায়, তার উপায় জানতে চান ৭০ শতাংশ অভিভাবক। সরকারের ডিজিটাল লিটারেসি সেন্টার (ডিএলসি) প্ল্যাটফর্মের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে (আইসিটি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২২’ আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আইসিটি বিভাগের উদ্যোগে ডিজিটাল লিটারেসি সেন্টার (www.digitalliteracy.gov.bd) কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ডিএলসি থেকে প্রায় ১ হাজারজনের ওপর করা একটি জরিপের তথ্য দিয়ে অনুষ্ঠানে বলা হয়, অনলাইন সংবাদের সত্য–মিথ্যা যাচাইয়ের উপায় জানতে চান ৬২ শতাংশ মানুষ। অনলাইনে আয়ের উপায় জানতে চান ৫৭ শতাংশ মানুষ। এ ছাড়া ৪০ শতাংশ মানুষ ডিজিটাল নিরাপত্তার আইনগত দিক নিয়ে শিখতে আগ্রহী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ এবং ইন্টারনেটকে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর উপায় নিয়েও মানুষের অনেক আগ্রহ আছে বলে জানানো হয়।
বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা তৈরিতে ডিএলসি প্ল্যাটফর্মটি ই-লার্নিং, অনলাইন শিষ্টাচার, সাইবার জগতে ভালো থাকা, মিডিয়া সাক্ষরতা, জ্ঞান ভাগ করে নেওয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারি সংস্থাগুলোর সঙ্গে নীতিনির্ধারণে কাজ করবে। এতে তৃতীয়-পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, ১৮-৩৫ বছর বয়স্ক যুব সম্প্রদায়, ০-১০ বছর বয়স্ক শিশুর মা–বাবা, অভিভাবক এবং পঁয়ত্রিশোর্ধ্ব মানুষকে ডিএলসির কার্যক্রমের আওতায় আনা হবে। এ নিয়ে একটি জাতীয় কারিকুলামও প্রস্তুত করা হয়েছে।
বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকেরা ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয়। কিন্তু এটা কোনো সমাধান নয়। ইন্টারনেটে কী করা যাবে বা যাবে না, তা অভিভাবকদের জানতে হবে এবং বুঝতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ডিএলসির কার্যক্রমে আইসিটি বিভাগ মূল সমন্বয়কের ভূমিকা পালন করবে। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠানের সহায়তায় এটি কাজ করবে। এর সঙ্গে জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও যুক্ত থাকবেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগোষ্ঠীর বড় অংশই তরুণ। তাঁদের অনেকেই ইন্টারনেটের শক্তিকে কর্মসংস্থানসহ বিভিন্ন কাজে ব্যবহার করছেন। তরুণদের মতামত, পরামর্শ ও সুপারিশগুলো সরকারের কর্মকাণ্ডে যেন প্রতিফলিত হতে পারে, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ডিএলসি শুধু একটি প্ল্যাটফর্ম নয়। বাংলাদেশে যোগ্য ডিজিটাল সিটিজেন তৈরিতে একটি আন্দোলন হিসেবে গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।
ডিজিটাল লিটারেসি শুধু শিশুদের শেখালেই হবে না। অভিভাবকদেরও এ বিষয়ে জ্ঞান থাকতে হবে, শেখাতে হবে বলে জানান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ মুখার্জী। তিনি বলেন, বড়রা শিখলেই তাঁরা ছোটদের শেখাতে পারবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বলেন, সাইবার বুলিংয়ের শিকার কমবেশি অনেকেই হচ্ছে। কিন্তু এসব ঘটনা সন্তানেরা মা–বাবার সঙ্গে শেয়ার করে না। কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকেরা ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয়। কিন্তু এটা কোনো সমাধান নয়। ইন্টারনেটে কী করা যাবে বা যাবে না, তা অভিভাবকদের জানতে হবে এবং বুঝতে হবে।
ডিজিটাল লিটারেসিকে একটি ফান্ডামেন্টাল কোর্স হিসেবে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার কথা বলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহেদুল আলম বলেন, অনেকেই মোবাইল অপারেটরদের বলে থাকেন কনটেন্ট ব্লক করার বিষয়ে। আসলে ইন্টারনেটের এই যুগে ব্লক কোনো সমাধান নয়। কারণ, একদিকে ব্লক করলে অন্যদিকে চালু হবে। এর অন্য সমাধান বের করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এ জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক আবদুল মান্নান, গ্রে অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওসুল আলম, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম প্রমুখ।