অনলাইনে 'অদম্য মেয়েরা' দেখা হয়েছে পাঁচ লাখের বেশি
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মেয়েদের নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘অদম্য মেয়রা’ অনলাইনে দেখা হয়েছে ৫ লাখ ১০ হাজারের বেশি বার ৷ গত ৬ নভেম্বর থেকে আজ ১৬ নভেম্বর বিকেল তিনটা পর্যন্ত সময়ে প্রথম আলোর ফেসবুক পেজে (www. facebook. com/DailyProthomAlo) এই ভিডিওটি দেখা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭৮০ বার ৷ পাশাপাশি প্রথম আলো ডট কমে ৩৮ হাজার ৪৩০ ও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ১ হাজার ৫৮০ বার দেখা হয়েছে ভিডিওটি ৷
এই তথ্যচিত্রে উঠে আসে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের ১৯ অদম্য মেয়ে ফুটবলারের আশা জাগানিয়া অসাধারণ এক গল্প ৷ দারিদ্র্য আর প্রতিকূলতা পেরিয়ে ওই মেয়েরা ফুটবল খেলে অনন্য গৌরব অর্জন করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপের চ্যাম্পিয়ন তারা। এই গ্রাম থেকেই ১০ জন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের হয়ে নেপালে অনুষ্ঠিত এএফসি কাপ খেলেছে। প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদনে তাদের কৃতিত্ব তুলে ধরা হয়।
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মেয়ে ফুটবলারদের বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাদের কীর্তি তুলে ধরতে প্রথম আলোর পক্ষ থেকে নির্মাণ করা হয় ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্যচিত্র। আনিসুল হকের পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। প্রামাণ্যচিত্রটি প্রথম আলোর বিভিন্ন অনুষ্ঠানসহ বেশ কটি টিভি চ্যানেলে দেখানো হয় ৷
অদম্য মেয়েদের গল্পটি দেখে অনুপ্রাণিত হন অনেকে ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এটি নিয়ে আলোচনা করেন ৷ অনলাইনে এটি ব্যাপক সাড়া ফেলে৷ ফেসবুকে ১২ হাজারের বেশি মানুষ শেয়ার করেন এই প্রামাণ্যচিত্রটি ৷ ফেসবুকে প্রামাণ্যচিত্রটি দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের বাড়িতে বিদ্যুৎসংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পক্ষ থেকে কলসিন্দুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷