অনলাইনেই পড়া যাবে ব্রিটিশ কাউন্সিলের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তিগত সুবিধার সঙ্গে পরিসরও বেড়েছে ব্রিটিশ কাউন্সিল গ্রন্থাগারের। গতকাল এ উপলক্ষে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠানে (বাঁ থেকে) স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিল ইউকের উপপ্রধান বারোনেস প্রসার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক ব্রেন্ডন ম্যাকশেরি ওবিই l ছবি: প্রথম আলো

এখন থেকে ব্রিটিশ কাউন্সিল গ্রন্থাগারের ‘ই-মেম্বার’ হয়ে ৮০ হাজারের বেশি বই এবং ১৪ হাজারের বেশি জার্নাল, সংবাদপত্র ও ম্যাগাজিনের অনলাইন সংস্করণ পড়া যাবে।
গতকাল শনিবার ব্রিটিশ কাউন্সিলের বড় পরিসরে নতুনভাবে সাজানো গ্রন্থাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে বলা হয়, নির্দিষ্ট ফির বিনিময়ে রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর গ্রন্থাগার কার্যালয়ে গিয়ে যে কেউ সদস্য হতে পারবেন।
সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ও শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে।
এক জমকালো অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ গ্রন্থাগার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক ব্রেন্ডন ম্যাকশেরি ওবিই বলেন, নতুন এই অনলাইন গ্রন্থাগার স্কুলশিক্ষক ও প্রশাসক, ইংরেজি শিক্ষার্থী, উচ্চশিক্ষার জন্য যারা যুক্তরাজ্যে পড়তে আগ্রহী, শিল্পকলার সঙ্গে যুক্ত নাগরিক, প্রাক-শিক্ষার্থীসহ বাংলাদেশের সব মানুষ উপকৃত হবে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বলেন, গ্রন্থাগারে যাঁরা সদস্য হবেন, তাঁরা অনলাইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এই গ্রন্থাগারের সেবা ও সুবিধা নিতে পারবেন।
গ্রন্থাগার ব্যবস্থাপক সারওয়াত রেজার সঞ্চালনায় নতুন আঙ্গিকে গ্রন্থাগার উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন ও ব্রিটিশ কাউন্সিল ইউকের উপপ্রধান বারোনেসপ্রসার।