সাইবার বুলিং প্রতিরোধ দিবস আজ
অনলাইনেও কিন্তু আমাদের আচরণ সম্পর্কে সবাই জানতে পারছে
আজ শুক্রবার সাইবার বুলিং প্রতিরোধ দিবস। জুন মাসের তৃতীয় শুক্রবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বাংলাদেশে এর আগে সেভাবে পালন করা না হলেও এবার বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দিবসটি পালন করছে। ‘স্টপ সাইবার বুলিং ডে’ ওয়েবসাইটের তথ্যমতে, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশ অনলাইন বুলিং বা হয়রানির শিকার হয়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর মাত্রা। কীভাবে অনলাইনে হয়রানি থেকে শিক্ষার্থীসহ সবাই সচেতন হতে পারে, সে বিষয়ে কথা বলেছেন এই বিশিষ্টজন।
আমাদের নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একজন সুনাগরিক বাস্তব জীবনেও যেমন সচেতন ও দায়িত্বশীল আচরণ করেন, অনলাইন মাধ্যমকেও সেভাবে গুরুত্ব দেন। প্রতিটি প্ল্যাটফর্মের নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন রয়েছে—একজন দায়িত্বশীল ব্যক্তি তা অনুসরণ করেন, পরিচয় গোপন করে অন্যের ক্ষতি সাধন করেন না এবং সন্দেহজনক কোনো আচরণ করেন না। আমাদের বুঝতে হবে, অনলাইনেও কিন্তু আমাদের আচরণ সম্পর্কে সবাই জানতে পারছে।
যেকোনো ধরনের বুলিং বা হয়রানি শিশুদের দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নতুন প্রজন্ম সঠিকভাবে না জানা-বোঝার কারণে অনেক ক্ষেত্রে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।
সাইবার বুলিং প্রতিরোধে সবার নিজেদের অবস্থান থেকে কথা বলা উচিত। সাইবার বুলিং বা এ ধরনের কোনো বিষয় নজরে এলে তা এড়িয়ে না গিয়ে, প্রতিরোধ করতে হবে; প্রয়োজনে আইনি সহায়তা গ্রহণ করতে হবে। সামাজিকভাবে এ সংকটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অনলাইন বিশ্ব প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, এখানে প্রতিদিনই নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। তাই ডিজিটাল বিশ্বে বুলিং প্রতিরোধে বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের এ ব্যাপারে সব সময় আপ-টু-ডেট থাকতে হবে। নিয়ন্ত্রণের মাধ্যমে বা জোর করে সাইবার বুলিং প্রতিরোধ করা যাবে না। আমরা যেমন কীভাবে রাস্তা পার হতে হয়, সন্তানদের সে শিক্ষা দিই, অনলাইনেও সে কী করতে পারে বা তার কী করা উচিত নয়, সে ব্যাপারে বোঝাতে হবে, সচেতন করে তুলতে হবে। পারিবারিক মূল্যবোধ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।