অনলাইনেও চলছে যুদ্ধ
স্লোগান-মিছিলের পাশাপাশি শাহবাগের প্রজন্ম চত্বরকে ঘিরে চলছে সাইবার যুদ্ধ। জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা ফেসবুকে এক ডজনের বেশি গ্রুপ চালু করে আন্দোলন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এর প্রতিবাদ জানাতে শাহবাগে চালু করা হয়েছে সাইবার যুদ্ধ নামের একটি গ্রুপ। গ্রুপটি নিজেদের পরিচয় দিচ্ছে ‘স্বাধীন বাংলা ফেসবুক কেন্দ্র’ হিসেবে।গতকাল মঙ্গলবার পর্যন্ত ফেসবুকে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা ফ্রি বাংলাদেশ, বাঁশের কেল্লা, ভিশন ২০২১, ফরায়েজি আন্দোলন, তরুণ প্রজন্ম, চির উন্নত মম শির, রক্ষীবাহিনী ইত্যাদি নীড়পাতায় (হোমপেজ) আন্দোলনকারীদের উদ্দেশ করে গালিগালাজ করেছেন, অপপ্রচার চালিয়েছেন।শাহবাগের সাইবার যুদ্ধ গ্রুপ এসব অপপ্রচারের বিরুদ্ধে তথ্য সরবরাহ করছে। তিন দিন আগে চালু হওয়া ওই গ্রুপে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত সদস্য হয়েছেন ২৫ হাজার। গ্রুপের সমন্বয়ক কাজল আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অপপ্রচার ঠেকাতে আমরা গ্রুপটি চালু করেছি। আন্দোলনে আমাদের প্রতিপক্ষ বারবার সাইটটি হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’এ ছাড়া কাজ করছে শাহবাগ প্রটেস্ট, এ খাঁচা ভাঙব আমি কেমন করে, শাহবাগ মুভমেন্ট, রোড টু শাহবাগ স্কয়ার, শাহবাগ কনভার্সেশন নামের বেশ কিছু গ্রুপ।বিভিন্ন সূত্র বলছে, আন্দোলনের পক্ষের গ্রুপগুলোর নীড়পাতায় ঢুকে জামায়াত-শিবিরের ছদ্মবেশী কর্মী-সমর্থকেরা নিজেদের আন্দোলনকারী হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করছেন।ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন গ্রুপ থেকে পাল্টা জবাবও দেওয়া হচ্ছে।