অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে: মেনন

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার অনলাইন পোর্টালের জন্য নীতিমালা তৈরি করছে। এ নীতিমালা অনুযায়ী গণমাধ্যম এগিয়ে যাবে।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেসনারায়ণগঞ্জ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। এর আগে তিনি নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ঢাকা বিভাগীয় প্রতিষ্ঠানগুলোর শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মতপ্রকাশের যে স্বাধীনতা দিয়েছে, তা যদি ব্যবহার করতে পারি, তাহলে গণমাধ্যম সামনের দিকে এগিয়ে যাবে।
সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া সুযোগবঞ্চিত শিশুদের পুনর্বাসনসহ সেবা দিয়ে আসছে। এই সরকার ক্ষমতায় আসার পর সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়াদের ভাতা দেওয়াসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের ১৮ মার্চের সভায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। সেই উন্নয়নে সবাইকে অংশীদার করাই সরকারের প্রথম কাজ। টেকসই উন্নয়নের ক্ষেত্রে কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।