অনশন অব্যাহত, শ্রেণীকক্ষে ফিরতে শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশল ডিগ্রির দাবিতে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে।তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক নয়। যাচাই-বাছাই করে দেখা গেছে, তাঁদের প্রকৌশল ডিগ্রি দেওয়া বাস্তবসম্মত নয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনশন ভেঙে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ, ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে বলেন, ‘দেশের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ডিগ্রিকে পরিবর্তন করে অন্য ডিগ্রি দিতে পারে না।’ শিক্ষামন্ত্রী সন্তানদের বুঝিয়ে শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।এদিকে অনশনের অষ্টম দিনে গতকাল থেকে অনশনকারী শিক্ষার্থীরা চিকিৎসাসেবা বর্জন শুরু করেছেন। অনশনরতদের পক্ষে আবদুল্লাহ আল হাদী প্রথম আলোকে বলেন, ‘আমরা অসুস্থ হয়ে পড়লেও কেউ চিকিৎসা নেব না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। এতে মৃত্যুসহ যেকোনো পরিস্থিতি মেনে নিতে আমরা প্রস্তুত আছি।’অনশনরত শিক্ষার্থীরা জানান, ১৪ মে আমরণ অনশন কর্মসূচি শুরুর পর অন্তত ৫০ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। গুরুতর অসুস্থ মাইনুল হাসান, নুরুন্নবী সিদ্দিকী ও আতিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গত বছরের ১২ জুলাই শিক্ষার্থীরা বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে প্রকৌশল ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করেন। বিষয়টি নিয়ে একই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এক সভা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক।এর পরও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। ১১ মে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ে সভা হয়। এ সভায়ও শিক্ষার্থীদের দাবি মানা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন।এ ব্যাপারে উপাচার্য এম নুরুল ইসলাম অনশনরত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, ‘তাঁদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’