অনশন ও আলোচনা দুটোই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

☀ আমরণ অনশন বুধবার ১০ দিনে গড়ায়।
☀ এখন পর্যন্ত কোনো সমাধান নেই।
☀ শিক্ষামন্ত্রী এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা।
☀ সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনশন চলবে।

শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১০ দিন ধরে অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। গতকাল দুপুরে অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষক l প্রথম আলো
শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১০ দিন ধরে অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। গতকাল দুপুরে অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষক l প্রথম আলো

শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন গতকাল বুধবার ১০ দিনে গড়াল। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান নেই। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে তাঁদের আলোচনা চলছে।

গতকাল আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধিদল কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। প্রতিমন্ত্রী বলেছেন, শিক্ষকদের এই দাবির বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। তবে শিক্ষকেরা বলেছেন, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের অনশন চলবে। আগের দিন মঙ্গলবারও শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে নিষ্ফল আলোচনা হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ জানুয়ারি থেকে অবস্থান এবং ১৫ জানুয়ারি থেকে অনশন করছেন এমপিওভুক্ত এসব শিক্ষক। গতকাল দুপুরের পর সেখানে গিয়ে দেখা যায়, সারা দেশ থেকে আসা শিক্ষকেরা খোলা আকাশের নিচে শুয়ে-বসে অনশন করছেন। আন্দোলনকারী শিক্ষকেরা বলেছেন, এখন প্রতিদিনই অসুস্থ হওয়া শিক্ষকের সংখ্যা বাড়ছে। গতকাল নতুন করে ৯ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ১২৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের প্রচার সম্পাদক এনামুল ইসলাম প্রথম আলোকে বলেন, দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। তাঁরা অনশনের পাশাপাশি গত মঙ্গলবার থেকে তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ধর্মঘটও পালন করছেন। আজ বৃহস্পতিবার ধর্মঘট শেষ হবে। এদিন সন্ধ্যায় নেতারা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।

শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে গত মঙ্গলবার থেকে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটিও সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণ দিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। গতকাল ছিল ক্লাস বর্জনের দ্বিতীয় দিন। এর ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি।

প্রাথমিক শিক্ষকদের অনশনে ৯ জন অসুস্থ

জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের পশ্চিম পাশে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো অনশন পালন করেছেন। নতুন করে ৯ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এ নিয়ে এই চার দিনে মোট ২৪ জন শিক্ষক অসুস্থ হন।

আন্দোলনকারী বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন বলেন, এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাঁরা কোনো সাড়া পাননি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে।