অনশন ভাঙলেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু করা আমরণ অনশন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভেঙেছেন আন্দোলনকারীরা। প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গণতদন্ত কমিটি গঠন এবং এ মাসেই তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে—লেখক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের এমন আশ্বাসে তাঁরা অনশন ভাঙেন।
গত বুধবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। অনশনে তাঁদের অভিভাবকেরা, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
অনশনকারীদের বেশ কয়েকজন গতকাল অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কয়েকজনকে স্যালাইন দেওয়া হয় ও দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন চিঠি পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ মিনারে যান সৈয়দ আবুল মকসুদ ও অধ্যাপক আনু মুহাম্মদ। তাঁরা আন্দোলনকারীদের অনশন ভাঙার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গণতদন্ত কমিটি গঠন করা হবে, কমিটির সদস্যদের নাম ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে এবং এ মাসেই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। পরে তাঁরা শিক্ষার্থীদের ৬টা ৩২ মিনিটে ফলের রস খাইয়ে অনশন ভাঙান।
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পরদিন থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এই দাবিতে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

আরও পড়ুন: