অনশন ভেঙে অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পানি খাইয়ে আমরণ অনশন ভাঙান লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
এমপিওভুক্ত নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পানি খাইয়ে আমরণ অনশন ভাঙান লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

বেসরকারি সব নন-এমপিওভুক্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশন ভঙ্গ করেছেন। গতকাল সকাল ১০টায় অনশন ভেঙে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গত ৩০ অক্টোবর এই অনশন শুরু হয়েছিল। সংগঠনটির সভাপতি এশারত আলী প্রথম আলোকে বলেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা তাঁদের প্রতি সংহতি জানিয়ে বলেছেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিদেশে অবস্থান করছেন। এ জন্য তাঁরা অনশন ভাঙার অনুরোধ জানান। সকাল ১০টায় গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ তাঁদের অনশন ভাঙান। তবে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন তাঁরা।
সৈয়দ আবুল মকসুদ বলেন, অনশনরত শিক্ষকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা না করলে শুধু রাজপথে নয়, তাঁদের সপরিবারে অনাহারে থাকতে হবে সারা বছর। তাই সরকারের প্রতি তিনি এই দাবি বিবেচনার আহ্বান জানান।
এর আগে একই দাবিতে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষক-কর্মচারী।