অনশনকারী ওয়ালিদকে স্যালাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালিদ আশরাফ
ওয়ালিদ আশরাফ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অনশনরত ওয়ালিদ আশরাফকে স্যালাইন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে তাঁকে দ্বিতীয়বারের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল ওয়ালিদের অনশনের ১১তম দিন শেষ হয়। সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলেও তিনি সেখানে ভর্তি হতে রাজি হননি। ঘণ্টাখানেক হাসপাতালের ফটকে বসে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ফিরে এসেছেন। সেখানেই তিনি গত ২৫ অক্টোবর বিকেল পাঁচটার দিকে অনশন শুরু করেন।

হাসপাতালে ওয়ালিদ আশরাফ সাংবাদিকদের বলেন, তিনি মেডিকেলে ভর্তি হতে চান না। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ডাকসু নির্বাচনের ঘোষণা নিয়েই তিনি অনশন ভাঙবেন। যদি এর মধ্যে মরেও যান, তবু সেখান থেকে নড়বেন না। তবে এ সময় তিনি খুব আস্তে কথা বলছিলেন।

ওয়ালিদের সঙ্গে থাকা এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে তাঁদের পরিচিত এক চিকিৎসক অনশনস্থলে এসে ওয়ালিদকে স্যালাইন দেন। তারপর গতকাল সারা দিন তিনি কথা বলতে পারছিলেন না। একপর্যায়ে আন্দোলনরত এক শিক্ষার্থীকে একটি কাগজে নিজের ঠিকানা লিখে দিয়ে বলেন, তিনি মরলে যেন তাঁর লাশটা সেখানে পৌঁছে দেওয়া হয়। সন্ধ্যার দিকে তাঁর বড় ভাই এসে জোর করে তাঁকে মেডিকেলে নিয়ে যান।

মেডিকেলের জরুরি বিভাগ থেকে ওয়ালিদকে ভর্তি হতে বলা হয় এবং মেডিসিন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ভর্তির কাগজ নিয়ে ওয়ালিদকে কেউই সেখানে নিয়ে যেতে পারছিলেন না। ২০ থেকে ২৫ মিনিট বোঝানোর পর তিনি সেখানে যান। তবে কোনোভাবেই ভর্তি হতে রাজি হননি। কর্তব্যরত চিকিৎসকেরাও তাঁকে ভর্তি হতে বলেন। কিন্তু শেষ পর্যন্ত একটি ব্লাড টেস্টের নির্দেশ ও স্যালাইন দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জানতে চাইলে চিকিৎসক ফারহান তানভীর প্রথম আলোকে বলেন, ‘রোগীর ইচ্ছার বাইরে আমরা কিছু করতে পারি না। এই মুহূর্তে তিনি খুবই উইক (দুর্বল)। তিনি ভর্তির কাগজপত্র নিয়ে এসেছেন। সঙ্গে আরও কয়েকজন ছিলেন। কিন্তু তিনি ভর্তি হতে চাননি।’ চিকিৎসক আরও বলেন, ‘তিনি আরও কিছুদিন অনশন চালিয়ে যেতে পারবেন। আমরা বলেছি তাঁকে মুখে কিছু খাওয়াতে হবে।’