অনশনকারীদের জোর করে খাওয়ানোর নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি আটক কেন্দ্রে অনশনরত বাংলাদেশিসহ অন্যদের নলের মাধ্যমে জোর করে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ২১ নভেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির একটি আদালত এ নির্দেশ দেন। খবর ইন্ডিয়া ওয়েস্ট ডটকমের।
অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন অবিলম্বে তাঁদের মুক্তির দাবিতে এক মাসেরও বেশি সময় আগে অনশন শুরু করেন। এর মধ্যে একটি আটক কেন্দ্রে অনশনরত ১০ জনকে নলের মাধ্যমে খাওয়ানোর ওই নির্দেশ দেন আদালত। তবে এঁদের অনেকেই পরে নিজ থেকে অনশন ভঙ্গ করেন বলে জানান কর্মকর্তারা।
অনশন করা আবদুল আওয়াল নামের এক বাংলাদেশি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা বরং মরতে চাই’। মাহমুদুল হাসান নামের আরেকজন মায়ামি টাইমসকে বলেন, ‘নিজ দেশে বিপদ আর সহিংসতা থেকে বাঁচতে আমরা এখানে এসেছি। কিন্তু আমাদের সঙ্গে গুয়ানতানামো বন্দিশিবিরের বন্দীদের মতো আচরণ করা হচ্ছে।’ মাহমুদুল কোন দেশের নাগরিক তা জানায়নি পত্রিকাটি।