অনশনকারীদের শহীদ মিনার ত্যাগে পুলিশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু স্তরের বিপণন প্রতিষ্ঠান ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনকারী গ্রাহকদের অনশনস্থল ত্যাগের নির্দেশ দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তাঁদের সরে যেতে বলা হয়। তবে রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলছিল।পুলিশ বলেছে, অনুমতির সময়সীমা শেষ হওয়ায় ও সংঘর্ষের আশঙ্কায় এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনশনকারীদের অভিযোগ, অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দালালেরা অনশন বন্ধের চক্রান্ত করছে। প্রশাসনও তাদের পক্ষে কাজ করছে।ইউনিপেটুইউতে বিনিয়োগ করা টাকা ফিরে পাওয়ার এবং এর কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে গ্রাহকেরা ১৭ সেপ্টেম্বর শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন।অনশনকারীরা বলেন, গতকাল বেলা একটার দিকে তাঁদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর তাঁরা ঢাকা মহানগর পুলিশের কমিশনার বরাবর অনশন দীর্ঘায়িত করার আবেদন করেন। পুলিশ কমিশনারের কার্যালয় তাঁদের আবেদন গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গেও কথা হয়েছে। তাই তাঁরা অনশন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।দুপুর দুইটার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ১৭ সেপ্টেম্বর এক দিনের জন্য অনশনের অনুমতি দেওয়া হয়েছিল। অনশন এখন পিকনিকে পরিণত হয়েছে। গ্রাহকদের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়েছে। কেউ কেউ সাধারণ ডায়েরিও করেছেন। সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে। তাই তাঁদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, পুনরায় অনুমতি নিতে পারলে এ নির্দেশ উঠিয়ে নেওয়া হবে।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যোগাযোগ করা হলে ওসি বলেন, ‘ব্যস্ত থাকায় ওদিকে খোঁজ নিতে পারিনি।’সাধারণ ডায়েরি: শাহবাগ থানা জানায়, মঞ্জুরুল ইসলাম নামের একজন বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অনশন চলতে থাকলে কোম্পানি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। অনশনকারী গ্রাহকেরা সমঝোতার প্রস্তাব পেয়েছেন। অনশনকারীরা অভিযোগ করেন, তাঁদের সমঝোতার কোনো প্রস্তাব দেওয়া হয়নি।