ছিটমহল বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহারে অনশনরত আট ছিটমহলবাসীর সবাই অসুস্থ হয়ে পড়েছেন। অনশনের অষ্টম দিনে গতকাল সোমবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়ে ছিটমহলবাসীর অনশনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে গতকাল। অনশনকারীদের মধ্যে চারজন গতকাল অসুস্থ হয়ে পড়েছেন।পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরের সংহতি ময়দানে ১২ মার্চ অনশন শুরু করেন ভারতে অবস্থিত বাংলাদেশি ছিটমহলের আট প্রবীণ বাসিন্দা এবং ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এক ভারতীয় কর্মকর্তা। অনশনের অষ্টম দিনে গতকাল আট ছিটমহলবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অপরজন অনশন চালিয়ে যাচ্ছেন।গতকাল বিকেলে সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে জানান, জেলা প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তাঁরা আশ্বাস দিয়েছেন, ছিটমহল বিনিময়ের বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। এ জন্য তাঁরা আন্দোলনকারীদের কাছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছেন।এদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পঞ্চগড়-ঢাকা মহাসড়কসংলগ্ন পুঠিমারী ছিটমহলে অনশন চলছে রোববার থেকে। ১১১টি ছিটমহলের দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু এই অনশনে অংশ নিয়েছে। গতকাল অনশনের দ্বিতীয় দিনে সমন্বয় কমিটির সভাপতি ময়নুল হোসেন, কুড়িগ্রামের দাশিয়ারছড়া ছিটমহলের জাহেদা বেগম (৬৫), পঞ্চগড়ের গারাতি ছিটমহলের কেরামত আলী (৭০) ও আবু বকর সিদ্দিক (৮০) অসুস্থ হয়ে পড়েন।