পরীক্ষা শুরুর দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ছয় শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত রোববার বেলা দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ওই স্কুলের সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অনশন শুরু করেন।অসুস্থ হয়ে পড়া ছয় শিক্ষার্থী হলেন মির্জা ওমর ফারুক, অভিজিৎ বিশ্বাস, মো. রবিউল ইসলাম, আবু সাইদ, মো. আসাবুর রহমান ও অনিরুদ্ধ দাস। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা গতকাল সোমবার সকালে তাঁদের স্যালাইন দিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক মো. মোশারেফ হোসেন বলেন, ‘অসুস্থ হওয়া শিক্ষার্থীদের হাসপাতালে যেতে বলেছি। কিন্তু তাঁরা রাজি হচ্ছেন না। এভাবে চলতে থাকলে তাঁদের রক্তে শর্করা দ্রুত কমে যাবে। কিডনি ড্যামেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলবেন। এমনকি মারাও যেতে পারেন।’গতকাল দুপুরে অনশনরত শিক্ষার্থীরা জানান, টানা অনশনের কারণে রোববার শেষ রাতে তিন-চারজন বেশি দুর্বল হয়ে পড়েন। গতকাল সকালে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, তিনি এখন নিরুপায়। কারণ, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর কথা শুনছেন না।