অনশনে অসুস্থ শিক্ষক বাড়ছে
* অনশনের দশম দিনে নতুন করে ২৬ জন শিক্ষক অসুস্থ।
* মোট দেড় শ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
* অনশনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা।
* আলোচনায় কোনো সমাধান আসেনি।

শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনশনে অসুস্থ শিক্ষকের সংখ্যা বাড়ছে। গতকাল বৃহস্পতিবার অনশনের দশম দিনে নতুন করে ২৬ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দেড় শ শিক্ষক অসুস্থ হয়ে পড়লেন। অনশনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি।
১০ জানুয়ারি থেকে অবস্থান এবং ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারী।
অসুস্থ হওয়া শিক্ষকদের অনেকে হাসপাতালে যাচ্ছেন। কেউ কেউ অনশনস্থলেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন। গতকাল অসুস্থ শিক্ষকদের একজন সৈয়দা শাহনাজ রেখার হাতে স্যালাইন দেখা যায়। দুজন সহকর্মী তাঁকে হাসপাতালে নিচ্ছিলেন। শেরপুর থেকে আসা এই শিক্ষক হাসপাতালে যাওয়ার সময়ও বলছিলেন, ‘শিক্ষা জাতীয়করণ চাই।’ শিক্ষকেরা বলছেন, যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। আলোচনাও চলবে।
গতকালও আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে বৈঠক করেছেন। তবে কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি। আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যুগ্ম আহ্বায়ক জি এম শাওন প্রথম আলোকে বলেন, এর আগের বৈঠকে প্রতিমন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত বুধবার কথা বলবেন। কিন্তু পারেননি। তিনি আবারও বলেছেন, এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
এই শিক্ষকনেতা বলেন, এই অবস্থায় তাঁদের কর্মসূচি চলবে। আজ শুক্রবার নেতারা বসে কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের নিষ্ফল বৈঠক হয়। গত বুধবারও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষকেরা বলেছেন, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের অনশন চলবে।
প্রাথমিক শিক্ষকদের অনশন
জাতীয় প্রেসক্লাবের সামনের আরেক পাশে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গতকাল পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করেছেন। অনশনে গতকাল ১৭ জন শিক্ষক অসুস্থ হন। এ নিয়ে এই চার দিনে মোট ৪১ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।
ক্লাস বর্জন চলছে
শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণ দিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। ৯টি শিক্ষক-কর্মচারী সংগঠনের যৌথ মোর্চার এই কর্মসূচি চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী আসাদুল হক প্রথম আলোকে বলেন, ২৮ জানুয়ারি তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।