
>• আরও ১৭ জন অসুস্থ
• ৮ দিনে অসুস্থ মোট ১৫৪ জন
• ৮০ জনকে স্যালাইন দেওয়া হয়েছে
• জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে কর্মসূচি চলছে
দেশের স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গতকাল সোমবার আট দিনের মতো আমরণ অনশন করেছেন শিক্ষক-কর্মচারীরা। এদিন নতুন করে আরও ১৭ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এর মধ্যে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবীসহ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ নিয়ে গত ৮ দিনে মোট ১৫৪ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হন বলে জানিয়েছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। এর মধ্যে ৮০ জনকে স্যালাইন দেওয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে এই কর্মসূচি চলছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর যে প্রস্তাব তাঁরা দিয়েছেন, সেটা যদি তিনি (প্রধানমন্ত্রী) দেখেন, তাহলে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যে তাঁরা আশ্বস্ত হতে পারছেন না। এমপিওভুক্তির বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি এভাবেই চলবে বলে জানান তিনি।
অনশনস্থলে উপস্থিত হয়ে লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ গতকাল সাংবাদিকদের বলেন, এভাবে শিক্ষকদের, বিশেষ করে নারী শিক্ষকদের রাস্তায় অবস্থান করাটা বিব্রতকর। আলোচনা করে সরকার সুনির্দিষ্ট ঘোষণা দিলে শিক্ষকেরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।
এমপিওভুক্তির দাবিতে গত ১০ জুন থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় ২৫ জুন থেকে তাঁরা আমরণ অনশন করছেন।
সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান) করা হয়েছিল। বর্তমানে স্বীকৃতি পাওয়া নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি।