অনশনে আরও তিন শিক্ষার্থী

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে যোগ দিয়েছেন আরও তিন শিক্ষার্থী। তাঁদের নিয়ে অনশনকারীর সংখ্যা দাঁড়ালো আটজন।
এদিকে শিক্ষার্থীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকেরা।
আজ যারা অনশনে যোগ দিলেন তাঁরা হলেন বাংলা বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কার্করী সদস্য নাইমুল আলম মিশু, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য তাসনুভা তাজিন ইভা এবং নৃবিজ্ঞান বিভাগের একই ব্যাচের রাতুল খালিদ। এর মধ্যে তাসনুভার বিরুদ্ধে মামলা রয়েছে। গতকাল রোববার
গত শনিবার শহীদ মিনারের পাদদেশে প্রথমে অনশন শুরু করেন ইংরেজি বিভাগের সরদার জাহিদুল ইসলাম, তাহমিনা জামান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পূজা বিশ্বাস। গতকাল সকালে তাঁদের সঙ্গে যোগ দেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুনতাসির আরমান। রাতে যোগ দেন দর্শন বিভাগের ফয়সাল আহমেদ নামের এক শিক্ষার্থী।
অনশনরত আট শিক্ষার্থীদের মধ্যে জাহিদুল, পূজা ও তাসনুভার বিরুদ্ধে মামলা আছে। তবে তাঁরা জামিন আছেন।
আজ সকালে অনশনস্থলে গিয়ে দেখা যায়, জাহিদুল, পূজা ও তাহমিনাকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন চিকিৎসক আনিছুর রহমান বলেন, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের রক্তচাপ কমে গেছে। কিছু না খাওয়ায় তাঁদের শরীরে শর্করাসহ অন্যান্য উপাদান কমে গেছে। এ কারণে তাদের স্যালাইন দেওয়া হচ্ছে।
অনশনরত শিক্ষার্থীরা জানান, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।
এদিকে শিক্ষার্থীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকেরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ চত্ত্বর থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি নতুন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং সিন্ডিকেট সদস্য রাশেদা আখতার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন আবদুল জব্বার হাওলাদার, সহকারী প্রক্টর মো. মাহবুবুল মোর্শেদ প্রমুখ অংশগ্রহণ করেন। রাশেদা আখতার এ ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য।
গত ২৬ মে ভোরে ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, ঘাতক চালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে পরের দিন ২৭ মে বেলা পৌনে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। তখন থেকেই শিক্ষকদের একটি অংশ এবং শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ ও প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর এ দুটি ব্যানারে মৌন মিছিল, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে যাচ্ছেন তাঁরা।