অনশনে আরও ১৩ শিক্ষক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশনে শিক্ষকেরা। ছবি: প্রথম আলো
স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশনে শিক্ষকেরা। ছবি: প্রথম আলো

স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশনের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ১৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার বাজেটের ওপর আলোচনার সমাপনী বক্তৃতায় বলেছেন, আগামী ১ জুলাই থেকে এমপিওভুক্তি খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী প্রথম আলোকে বলেন, আংশিক নয়, দেশের স্বীকৃতি পাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে অনশনস্থলে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো আজও বেশ কিছু শিক্ষক স্যালাইন নিয়েই অনশন করছেন। অনেকে ক্লান্ত হয়ে শুয়ে আছেন। ১০ জুন থেকে তাঁরা লাগাতার অবস্থান করে আসছিলেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় ২৫ জুন আমরণ অনশন শুরু করেছেন।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান) করা হয়েছিল। বর্তমানে স্বীকৃতি পাওয়া নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৭৫ থেকে ৮০ হাজার। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করলে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়। তখন আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট বক্তৃতা দেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় শিক্ষক-কর্মচারীরা আবার আন্দোলনে নেমেছেন। অবশ্য অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের বলেছেন, এক হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। গতকাল বাজেটের সমাপনী বক্তৃতাতেও এমপিওভুক্তি খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানালেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নীতিমালা ও কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে।