অনশনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকেরা
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকেরা রাজস্ব খাতে বেতন ভাতাসহ দুই দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ জানুয়ারি থেকে অনশন কর্মসূচি শুরু করেছেন। বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরামের ব্যানারে এই কর্মসূচি চলছে।
পরিচালকদের দাবি, তাঁরাই ডিজিটাল বাংলাদেশের নির্মাতা। জনগণের দোরগোড়ার সুলভে সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে অংশগ্রহণ করেছেন। বিনা টাকায় বিশ্বের সবচেয়ে বড় তথ্য বাতায়ন তৈরি করেছেন।
কর্মসূচি নিয়ে বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরামের সভাপতি মো. হাসিম উদ্দিন বলেন, গত ৬ বছর ধরে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ বিনা পারিশ্রমিকে করছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকেরা। এখন তাঁদের বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগের জন্য পরিপত্র জারি করা হয়েছে।
মো. হাসিম উদ্দিন দাবি করেন, ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী পদে নিয়োগ বাতিল করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের বিনা শর্তে বেতন ভাতার আওতায় আনতে হবে।
ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক মাহতাব আলী বলেন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে যদি লোক নিয়োগ হয় তবে ১০ হাজার ইউডিসি সেন্টারের পরিচালকেরা বেকার হয়ে যাবেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকেরা।