সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অনশনে নেমে গতকাল মঙ্গলবার এক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হলেনসমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তন্ময় মোদক। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্ময় অসুস্থ হয়ে পড়ায় তিনিসহ দুই সাংবাদিক তদন্ত কমিটির মুখোমুখি হতে পারেননি। গতকাল বেলা দুইটায় তন্ময় মোদক ও দ্য ডেইলি স্টার পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুব্রত দাসকে তদন্ত কমিটিকে সাক্ষাৎকার দিতে বলা হয়েছিল।ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলন পরিচালনায় গঠিত স্টিয়ারিং কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তাঁদের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল দুপুর একটায় উপাচার্যের কার্যালয়ের সামনে অনশন শুরুর সময় তন্ময় মোদক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের চতুর্থ তলার ১ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন। তদন্ত কমিটি প্রসঙ্গে স্টিয়ারিং কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, জাতীয় সংবাদপত্রে ‘আপত্তিকর সংবাদ’ প্রকাশ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি নিরপেক্ষ নয়। তাই এ কমিটি বাতিল করতে হবে। এ ব্যাপারে স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুব্রত দাস জানান, তদন্ত কমিটির সঙ্গে তাঁরা দুজন সাক্ষাৎ করে সরাসরি ওই বিষয়টি বলতে চেয়েছিলেন। কিন্তু অনশনে একজন অসুস্থ হওয়ায় তদন্ত কমিটির মুখোমুখি হতে পারেননি। বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টার মাধ্যমে বিষয়টি উপাচার্যকে জানিয়ে এসেছেন। ২২ এপ্রিল প্রথম আলোর সিলেট সংস্করণে পৃষ্ঠা-৫ এ ‘শিক্ষক নিয়োগে নীতিমালা লঙ্ঘন’ শিরোনামে শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নির্বাহী আদেশে প্রথম আলোর প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। মিসবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।