অনশনে যাচ্ছেন আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করার ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ জন্য আজ সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হবেন তাঁরা। সংবাদ সম্মেলননে বলা হয়, দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে সবকটি কর্মসূচি শান্তিপূর্ণ, অহিংস ও নিয়মতান্ত্রিকভাবে পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থী সালমান খান বলেন, বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা উন্মুক্ত থাকলেও বাংলাদেশে সেটা বরাবরই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
লিখিত বক্তব্যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল করা-সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলা হয়, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে সেই অধ্যবসায়কে পুরোপুরি নাকচ করে দেওয়ার সিদ্ধান্তে দেশের সব শিক্ষার্থী হতাশ হয়েছে।’ সংবাদ সম্মেলনে ‘দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের’ পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে ‘প্রত্যাখ্যান’ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।