শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনশনের পাশাপাশি গতকাল শনিবার তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটও করেছেন। আজ রোববারও ধর্মঘট চলবে।
আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের প্রেস সচিব এনামুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আজ রোববারের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন ২৯ জানুয়ারি থেকে তাঁরা লাগাতার ধর্মঘটে যাবেন।
এর আগে শিক্ষকেরা বলেছিলেন, প্রয়োজনে ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার দায়িত্ব পালন থেকেও তাঁরা বিরত থাকবেন। এ বিষয়ে এনামুল ইসলাম বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি।
শিক্ষকেরা জানিয়েছেন, গতকাল অনশনের ১৩তম দিনে নতুন করে সাতজন শিক্ষক অসুস্থ হয়েছেন। এ নিয়ে অসুস্থ শিক্ষকের সংখ্যা দেড় শ ছাড়িয়ে গেছে।
অনশন ও ধর্মঘটের মধ্যেও গতকাল বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের একজন উপদেষ্টার স্কুলে (মিরপুরে বিদ্যালয়টি অবস্থিত) গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে অনশনে অংশ নেওয়া একাধিক শিক্ষক ক্ষোভ জানিয়েছেন।
অন্য শিক্ষকদের কর্মসূচি
এদিকে শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে গতকাল শেষ দিনের মতো দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। নয়টি শিক্ষক-কর্মচারী সংগঠনের যৌথ মোর্চার এই কর্মসূচি ২৩ জানুয়ারি শুরু হয়েছিল। শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী আসাদুল হক প্রথম আলোকে বলেন, আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সমন্বয়কারী শাহজাহান আলমের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।
এদিকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গতকাল সভা করে বলেছে, ৩১ জানুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা না দেওয়া হলে ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি পালন করবে। সর্বশেষ কর্মসূচি হিসেবে ১৯ মার্চ ঢাকায় মহাসমাবেশ করা হবে। সভায় সভাপতিত্ব করেন ঐক্যজোটের সভাপতি সেলিম ভূঁইয়া।
প্রাথমিক শিক্ষকেরা এবার আমরণ অনশনে
জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে গতকাল সপ্তম দিনের মতো অনশন পালন করেছেন। এত দিন শুধু অনশন কর্মসূচি হলেও গতকাল থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। গতকাল ৯ জন শিক্ষক অসুস্থ হন। এ নিয়ে মোট ১৩৭ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে আন্দোলনকারী নেতারা জানিয়েছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া নেই। তবে এর মধ্যে একদিন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান ফোন করে তাঁদের দাবিদাওয়ার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।