অনশনের মুখে রাতারগুলে নির্মাণ প্রকল্প বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল বন । ফাইল ছবি
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল বন । ফাইল ছবি

সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে পরিবেশবাদী সংগঠনগুলোর আমরণ অনশন কর্মসূচির মুখে অবশেষে জলার বন রাতারগুলে বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্প বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর প্রকল্প বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বন বিভাগ।
প্রকল্পটি বন্ধের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় বন বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রবেশমুখের রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অনশন কর্মসূচি শুরু করে। সন্ধ্যা সাতটার পর সিলেটের সহকারী বন সংরক্ষক পরিমল চন্দ্র পাল মাইকে রাতারগুলে বন বিভাগের চলমান সব প্রকল্প আপাতত বন্ধ বলে ঘোষণা করেন। এরপর অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়।
রাতারগুলে প্রকল্পকাজ বন্ধ রাখার ঘোষণার সত্যতা নিশ্চিত করে পরিমল চন্দ্র প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সদ্যগঠিত রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটির সদস্যসচিব আবদুল করিম বলেন, ‘দেরিতে হলেও বোধোদয় হওয়ায় পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে আমরা বন বিভাগকে ধন্যবাদ জানাই।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট)। নদী ও হাওর বেষ্টিত এ বনের আয়তন ৫০৪ দশমিক ৫০ একর। বন বিভাগ প্রস্তাবিত জাতীয় উদ্যান পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করা হয়।
সংরক্ষিত বন এলাকায় স্থাপনা নির্মাণ করা হলে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, এমন দাবি জানিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বন বিভাগের এ পরিকল্পনা বাতিলের দাবি তোলে। পরে পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি। ১০ এপ্রিল প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন মানববন্ধন করে প্রকল্পকাজ বন্ধের দাবিতে বিভাগীয় বন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। ‘বনকে বনের মতো থাকতে দাও’—এ আহ্বানে সাড়া দিয়ে সিলেটের পরিবেশ-সচেতন ব্যক্তি, পরিবেশবাদী সংগঠনসহ সামাজিক সংগঠনের নেতারাও একাত্ম হন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘প্রাধিকার’, মুক্তচিন্তার সংগঠন ‘নিনাই’ ও সিলেট কল্যাণ সংস্থার নেতারাও গতকালের কর্মসূচিতে অংশ নেন। এরপর সন্ধ্যায় প্রকল্প বন্ধের ওই ঘোষণার পর পরিবেশবাদী সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে বৈঠক করে। বৈঠকে রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটির আহ্বায়ক লোকমান আহমদ, বাপার সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক বক্তব্য দেন।