অনশনের ১০০ ঘণ্টা পর প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধে প্রধানমন্ত্রীর নীরবতা আস্থার জায়গাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন শহীদ রুমী স্কোয়াডের অনশনরত তরুণেরা। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য ছাড়া অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।অনশনের ১০০ ঘণ্টা পর শনিবার রাত আড়াইটায় প্রধানমন্ত্রী বরাবর শহীদ রুমী স্কোয়াড ই-মেইলে খোলা চিঠি পাঠায়। এতে তারা উল্লেখ করে, ‘আমরা আশা করেছিলাম, এত সহজে জনগণের প্রাণের দাবিকে পূরণের দিক থেকে আপনারা সরে আসবেন না। আপনার প্রতি আমাদের আস্থা ছিল, গণজাগরণ মঞ্চের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া শুরুর দাবিকে আপনি সম্মান জানাবেন। আপনার নীরবতা আমাদের আস্থার জায়গাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে প্রতিটি ক্ষেত্রে।’ তবে গতকাল রোববার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। শহীদ রুমী স্কোয়াডের মুখপাত্র সেঁজুতি শোণিমা বলেন, ‘কবে, কখন, কীভাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হচ্ছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। তাঁর পক্ষ থেকে কোনো মুখপাত্র ঘোষণা দিলে চলবে না। আমরা মনে করি, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধে তাঁর ইচ্ছাই যথেষ্ট।’ গতকাল রোববার অনশনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি অবিলম্বে অনশনরত তরুণদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা সূর্য সন্তানদের হারিয়েছি। আমরা এই তরুণদের আর হারাতে চাই না।’ জানা গেছে, এখন পর্যন্ত প্রয় দেড় শটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনশনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এদিকে শহীদ রুমী স্কোয়াড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনশন কর্মসূচি গণজাগরণ মঞ্চের কর্মসূচিগুলোর সম্পূরক। এটি কোনো আলাদা প্ল্যাটফর্ম নয়। রুমী স্কোয়াডের সদস্য শেউতি সাগুফতা এখনো বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। টানা অনশনের ফলে পানিশূন্যতায় অনশনকারীদের অবস্থার অবনতি হচ্ছে বলে বারডেমের চিকিৎসকেরা জানিয়েছেন।