অনাকঙ্ক্ষিত বিভ্রাট
গত রাত ১২টা থেকে চ্যানেল আইয়ে মতিউর রহমান চৌধুরী উপস্থাপিত ‘সংবাদপত্রে বাংলাদেশ’ অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু কাজের চাপে আমি এই অনুষ্ঠানে যাওয়ার কথা আমি সম্পূর্ণ ভুলে যাই। চ্যানেল আই থেকেও কেউ আমাকে বিষয়টি মনে করিয়ে দেয়নি।
অনুষ্ঠান চলাকালে উপস্থাপক মতিউর রহমান চৌধুরী আমার কোনো খবর না পেয়ে দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আসিফ নজরুল কেমন আছেন, আমরা জানি না।’ সম্ভবত এই মন্তব্যের কারণে আমার শুভাকাঙ্ক্ষী মানুষজন দুশ্চিন্তায় পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা শুরু করলে, আমি নিজেই স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিই, ‘আমি সুস্থ আছি এবং চিন্তার কোনো কারণ নেই।’ এর পরও এ বিষয়টি নিয়ে বহু টেলিফোন পাওয়ার পর মনে হচ্ছে এ গুজবের নিরসন হয়নি। আমি আশা করব, আমার পাঠক ও শুভাকাঙ্ক্ষী প্রকৃত সংবাদটি জেনে আশ্বস্ত হবেন এবং এ গুজবের অচিরেই নিরসন হবে।
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়