অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় অগ্রিম ছুটি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল খালেক গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হাতে পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের লাঞ্ছিত হওয়া ও ওই চেয়ারম্যানের সমর্থকদের পাল্টা তৎপরতার পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন ছুটি এগিয়ে এনেছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকা অনুযায়ী, ১৪ থেকে ২৩ জুলাই ঈদের ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল দুপুরে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এক সপ্তাহ আগে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে হল খালি করতে হবে কি না এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২ জুলাই রাতে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করেন। ওই রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়রা ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক বিশ্ববিদ্যালয় দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন। পরদিন বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ে হামলার চেষ্টা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ে কিছুটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। একাডেমিক কাউন্সিলের উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, চেয়ারম্যানকে মারধরের ঘটনায় এলাকাবাসীর চাপে প্রশাসন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করে বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানো হয়েছে।