অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারই দায়ী হবে: গণি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়া না হলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে।
গতকাল রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আর এ গণি। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ৩০ নভেম্বর গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম দলটির কোনো নেতা প্রকাশ্যে গণমাধ্যমে কথা বললেন। রিজভীকে গ্রেপ্তারের পর থেকে দলের প্রায় সব নেতাই আত্মগোপনে ছিলেন। দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা ও বিবৃতি দিয়ে আসছেন।
আর এ গণি সরকারের উদ্দেশে বলেন, ‘নির্দলীয় সরকারের গণদাবি মেনে নিন। আলোচনার মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে।’
অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার বারবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। নেতা-কর্মীদের গুলি করা হচ্ছে। বাসায় বাসায় তল্লাশি হচ্ছে। এ অবস্থায় প্রকাশ্যে কর্মসূচি ঘোষণাও সম্ভব হচ্ছে না।
সরকারের উদ্দেশে আর এ গণি বলেন, ‘হত্যা, নির্যাতন-নিপীড়ন, নাশকতা বন্ধ করুন।’ তিনি অভিযোগ করেন, গণবিচ্ছিন্ন সরকার জনসমর্থন হারিয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে বর্বরতা ও নিপীড়নের ওপর নির্ভর করছে।
তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন ‘স্বতঃস্ফূর্তভাবে’ সফল করায় গণি দলের চেয়ারপারসনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান।