অনাগত কন্যার মুখ দেখা হলো না তাঁর

বড় দুই সন্তানই ছেলে। তাই একটি মেয়ের শখ ছিল। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করানোর পর রিপোর্টে জেনেছিলেন, মেয়েই হবে। খুব খুশি হয়েছিলেন। কিন্তু অনাগত সেই মেয়ের মুখ দেখতে পেলেন না তিনি। রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষে নিহত হন বাসশ্রমিক এই বাবা।
এই বাবার নাম শাহিনুর রহমান (গণমাধ্যমে তাঁর নাম শাহ আলম বলে ছাপানো হয়েছে)। বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার পশ্চিম বালিঘাটা মহল্লায়।
আজ বৃহস্পতিবার শাহিনুরের বাড়িতে গিয়ে দেখা গেল, প্রতিবেশীরা ওই বাড়িতে ভিড় করেছেন। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মুর্শিদা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের মধ্যে মাতম চলছে।
শাহিনুরের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেল, শাহিনুর পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই তিনি মোটরশ্রমিকের কাজের সঙ্গে জড়িত ছিলেন। পাঁচ বছর আগে এস আই ট্রাভেলসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ শুরু করেন। বৃদ্ধ বাবা ছায়ের উদ্দিন ছেলে শাহিনুরের আয়ের ওপরই নির্ভরশীল। মা-বাবার দেখভাল করতেন শাহিনুর। গত সোমবার রাতে বাড়ি থেকে তিনি বাসের ডিউটিতে ঢাকা চলে যান। আজ রাতে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গতকাল রাতেই পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে।
স্বজনেরা জানান, দুই ছেলের বাবা শাহিনুরের কন্যাসন্তানের শখ ছিল। অন্তঃসত্ত্বা স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করার পর সেই বিষয়টি নিশ্চিতও করেছিলেন চিকিৎসক। এতে ভীষণ খুশি ছিলেন তিনি। শাহিনুরসহ পরিবারের কেউ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। শুধু পেটের দায়ে বাসচালকের সহকারীর কাজ করতেন শাহিনুর। আর সময় পেলেই বাড়ি ছুটে এসে সন্তানদের সময় দিতেন।

শাহিনুরের স্ত্রী মুর্শিদা কাঁদতে কাঁদতে বলেন, অভাব-অনটনের সংসারে শাহিনুর পড়ালেখা করতে না পারলেও তাঁর ইচ্ছে ছিল সন্তানদের শিক্ষিত করার। এ কারণে শতকষ্টের মাঝেও বড় সন্তান মো. মুসাকে স্থানীয় বেসরকারি একটি ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন। সে এখন সপ্তম শ্রেণির ছাত্র। ছোট ছেলে মেজবাহর বয়স পাঁচ বছর। অকালমৃত্যুর কারণে তাঁর সব আশা শেষ হয়ে গেল।
নিহত শাহিনুরের বাবা ছায়ের উদ্দিন বলেন, তাঁদের জমিজমা কিছুই নেই। শাহিনুরসহ পাঁচ ছেলের সবাই পরিশ্রম করে সংসার চালান। শাহিন বাসশ্রমিকের কাজ করলেও অন্য ছেলেরা সবাই দিনমজুর। বাড়ির দেড় শতক জায়গায় টিন দিয়ে তৈরি করা ঘরই শাহিনুরের একমাত্র সম্বল।
নিহত শাহিনুরের বড় ভাই আবদুল মান্নান বলেন, স্থানীয় শ্রমিকনেতাদের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর শাহিনুরের ছেলে মুসাকে নিয়ে তাঁর ছোট ভাই খালেক মরদেহ আনতে ঢাকায় গেছেন। বিকেলে মরদেহ নিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনাও হয়েছেন তাঁরা। আজ রাতে মরদেহ বাড়িতে পৌঁছাবে।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল সকাল নয়টার দিকে পুলিশের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষের সময় শাহিনুর রহমান আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন জেসমিন নাহার তাঁকে মৃত ঘোষণা করেন।