অনাথ মেয়েশিশুদের পাশে প্রথম আলো ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে অনাথ মেয়েশিশুদের আশ্রয়স্থল চাঁদমণি শিশুকল্যাণ কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল রোববার প্রতিষ্ঠানটিকে একটি কম্পিউটার ও দুটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। গত ২৭ জানুয়ারি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নীলফামারীর জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী গ্রামের চাঁদমণি কেন্দ্রটি ঘুরে দেখেন। এ সময় চাঁদমণির কর্তৃপক্ষ ও অনাথ মেয়েশিশুদের সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে শিশুদের শিক্ষার জন্য একটি কম্পিউটার ও প্রশিক্ষণের জন্য দুটি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর প্রতিশ্রুতি রক্ষায় গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার ও সেলাই মেশিন দুটি দেওয়া হয়। জলঢাকা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা চাঁদমণি শিশুকল্যাণ কেন্দ্রের প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা পিজিরুল আলমের হাতে কম্পিউটার ও সেলাই মেশিন দুটি তুলে দেন। এ সময় গোলাম মোস্তফা বলেন, সব ভালো কাজের সঙ্গেই প্রথম আলো। এই প্রত্যন্ত এলাকায় অনাথ শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ এখানে কম্পিউটার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস জাহান, শফিকুল আলম, সাব্বির হাসান প্রমুখ। কৃতজ্ঞতা জানিয়ে পিজিরুল আলম বলেন, চাঁদমণি কেন্দ্রে বর্তমানে ৪৭ জন অনাথ মেয়ে রয়েছে। এরা বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করছে। এর পাশাপাশি সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শিখছে। একটি কম্পিউটারের খুব প্রয়োজন ছিল। এ কম্পিউটার পেয়ে মেয়েদের অনেক উপকার হবে। চাঁদমণির মেয়েরা ছাড়াও এলাকার অনেক দরিদ্র নারী এখানে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ নেন। কিন্তু সেলাই মেশিনের স্বল্পতার কারণে এত দিন প্রশিক্ষণে সমস্যা হতো। এখন মেয়েদের সেলাই ক্ষিক্ষায় সুবিধা হবে।