অনাথ শিশুদের মাঝে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসওএস শিশুপল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  ছবি: পিআইডি
এসওএস শিশুপল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝেও অনাথ শিশুদের সঙ্গে গতকাল রোববার বেশ কিছু সময় কাটিয়েছেন। তিনি গতকাল দুপুরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এসওএস শিশুপল্লিতে অনাথ শিশুদের মাঝে বেশ কিছু সময় কাটান। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী অনাথ শিশুদের চকলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার দেন। এ ছাড়া তাঁর পক্ষ থেকে শিশুদের দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে উল্লসিত হয়ে ওঠেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী পেপি সিদ্দিক, কন্যা লীলা ও ছেলে কাইয়াস মুজিব সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।
ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ: সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর লি ঝিহেং গি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় লি বাংলাদেশে চমৎকার বিনিয়োগবান্ধব পরিবেশের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশ আগামী দিনে বৈশ্বিক বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। আর এ ক্ষেত্রে চীনের ইউনান প্রদেশ নিয়ামক ভূমিকা পালন করবে।
গভর্নর লি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ২০১০ সালের কুনমিং সফরের কথা স্মরণ করে বলেন, কুনমিং হচ্ছে বাংলাদেশের নিকটতম সহযোগী। চীন সব সময় বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
ইউনানের গভর্নর বলেন, চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সরাসরি যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রম-কুনমিং ইতিমধ্যেই ‘সিস্টার সিটিতে’ পরিণত হয়েছে। লি আগামী জুনের প্রথম সপ্তাহে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠেয় চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীতে যোগদানের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনার কাছে একটি আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।