অনাদায়ী সেচচার্জ বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচযন্ত্রের মাধ্যমে বোরো চাষ করলে প্রতি বিঘায় সেচ খরচ কমপক্ষে তিন হাজার টাকা। আর পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প থেকে সেচের পানি নিলে বিঘাপ্রতি খরচ মাত্র ২২০ টাকা। কিন্তু নামমাত্র এই সেচচার্জ নিয়মিত আদায় হয় না। এতে প্রকল্প চালু হওয়ার পর থেকে সেচচার্জ বাবদ কৃষকদের কাছে তিন কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকা বকেয়া পড়ে আছে। জানা যায়, পাবনার বেড়া ও সাঁথিয়াসহ কয়েক উপজেলায় সেচ দেওয়ার লক্ষ্যে ১৯৯২ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প চালু হয়। সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে বেড়া-সাঁথিয়ার মাত্র দুই হাজার ৩০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, প্রকল্প এলাকায় পাউবোর তত্ত্বাবধানে ৫০টি পানি ব্যবস্থাপনাকারী সমবায় সমিতি গঠন করা হয়। সমিতিগুলোর কার্যকরী কমিটি কৃষকসহ স্থানীয় লোকজন নির্বাচিত করেন। সেচখালের দেখভাল ও সুষ্ঠুভাবে পানি সরবরাহে সহায়তার পাশাপাশি প্রতিটি কমিটির প্রধান কাজ হলো, পানি ব্যবহারকারী কৃষকদের কাছ থেকে সেচচার্জ আদায় করা। নিয়ম মোতাবেক সমিতির কর্মকর্তারা রসিদের মাধ্যমে সেচচার্জ আদায় করে তার ২০ শতাংশ সমিতির কার্যক্রম পরিচালনা ও সদস্যদের আত্মকর্মসংস্থানের জন্য রাখবেন। বাকি টাকা সমিতির একজন প্রতিনিধি ও পাউবোর একজন কর্মকর্তার যৌথ ব্যাংক হিসাবে রাখা হবে। এই টাকায় পাউবো প্রকৌশলীর তত্ত্বাবধানে সমিতিগুলো সেচ অবকাঠামো সংস্কারের কাজ করবে। পাউবোর কর্মকর্তারা জানান, প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট তিন কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা সেচচার্জ আদায় হওয়ার কথা ছিল। অথচ আদায় হয়েছে মাত্র ৬৭ লাখ ৩০ হাজার টাকা। সেচখাল সংস্কারে আদায় করা টাকা থেকে এখন পর্যন্ত এক টাকাও ব্যয় হয়নি। সেচ প্রকল্প চালুর পর থেকে পাউবোর নিজস্ব অর্থায়নেই সেচ অবকাঠামোর সংস্কার চলছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গঠনের পর থেকে সমিতিগুলোর বেশির ভাগই প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। মূলত এ কারণেই কৃষকদের কাছ থেকে ঠিকমতো সেচচার্জ আদায় হচ্ছে না। এ ছাড়া কোনো কোনো এলাকার কৃষকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেচচার্জ দেওয়া থেকে বিরত থাকছেন। পাউবোর সম্প্রসারণ তত্ত্বাবধায়ক (এক্সটেনশন ওভারশিয়ার) আবদুল বাছেদ বলেন, মাঠপর্যায়ে গিয়ে বারবার বোঝানো সত্ত্বেও কৃষকেরা সেচচার্জ ঠিকমতো পরিশোধ করেন না। এ ক্ষেত্রে সমিতিগুলোরও দায়িত্বশীল ভূমিকার অভাব রয়েছে। বেড়া পৌর এলাকার হাতিগাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন আলী বলেন, ‘আমাদের সমিতির কমপক্ষে ৭০ শতাংশ সেচচার্জ নিয়মিত আদায় হয়। কিন্তু অনেক সমিতি রয়েছে যেখানে ১০ শতাংশও আদায় হয় না। সেচচার্জ ঠিকমতো আদায় না হওয়ায় পানি ব্যবস্থাপনা সমিতি গঠনের আসল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘আইন অনুযায়ী কৃষকেরাই (সমিতির মাধ্যমে) সেচচার্জ তুলবেন এবং তাঁরাই সেটা ব্যবহার করবেন (পাউবো প্রকৌশলীর তত্ত্বাবধানে)। এ ক্ষেত্রে বকেয়ার অঙ্ক বেড়ে চললেও আমাদের কিছু করার নেই।’