অনাবৃষ্টি ও লবণে নষ্ট দুই হাজার হেক্টরের আমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি একর জমি আড়াই হাজার টাকায় বর্গা নিয়ে সাত একর জমিতে আমনের চাষ শুরু করেছিলাম। শুরুতে বৃষ্টি ছিল বলে ঠিকমতো চারা রোপণ করতে পেরেছি। কিন্তু তিন সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রোদ আর অতিরিক্ত লবণের কারণে ইতিমধ্যে সাত একর জমির পাঁচ একরের আমন চারা পুড়ে গেছে।’ গত মঙ্গলবার কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনি গ্রামের কৃষক নজির আহমদ (৫৫) এভাবেই তাঁর আমন খেতের চারা নষ্ট হয়ে যাওয়ার কথা বলেন। নজির আহমদের প্রতিবেশী সৈয়দ আহমদ (৩৪) জানান, বিকল্প পানির ব্যবস্থা না থাকায় গরম ও লবণে পুড়ে তাঁরও সাড়ে তিন একর জমির আমন চারা নষ্ট হয়েছে। পাশাপাশি এই মুছনি গ্রামের ৩০ জনের বেশি চাষির অন্তত ৫০ একর জমির ধানের চারা মাঠেই মরে গেছে। অনাবৃষ্টি ও জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় নজির আহমেদ ও সৈয়দ আহমেদের মতো টেকনাফ উপজেলার অধিকাংশ কৃষকের আমন খেতের চারা পুড়ে যাচ্ছে। এতে কয়েক দিনে প্রায় দুই হাজার হেক্টর জমির আমন চারা নষ্ট হয়ে গেছে। একই সময়ে কয়েক হাজার একরের চারা পুড়ে গেছে। এখনই বৃষ্টি না হলে এবং খেতে মিষ্টি পানি সরবরাহ করতে না পারলে এসব জমির আমনের চারা নষ্ট হয়ে যাবে। স্থানীয় চাষিরা জানান, ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে এই উপজেলার ৩০ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ভেঙে কয়েক হাজার একরের ফসলি জমিতে সাগরের লবণাক্ত পানি ঢোকে। এখনো সংস্কার না হওয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে ধানের জমিতে লবণাক্ত পানি ঢুকছে। এতে চারা রক্ষা করা যাচ্ছে না।উপজেলা কৃষি কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চলতি মৌসুমে এ উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫৮টি গ্রামে ১০ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হলেও নানা প্রাকৃতিক দুর্যোগে পড়ে এ পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর জমির চারা পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে এ বছর এ উপজেলায় উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর উপজেলার অধিকাংশ এলাকার কৃষিজমিতে ১৮ থেকে ২৫ পিপিটি (লবণের মাত্রা পরিমাপের একক) পর্যন্ত লবণাক্ততা রেকর্ড করা হয়। এই পরিমাণ লবণাক্ততা হলে জমিতে ধান উত্পাদনে সমস্যা হবে না। তবে এর চেয়ে বেশি হলে সমস্যা হবে। চলতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় টেকনাফের বিভিন্ন এলাকার জমিতে ওই লবণের মাত্রা আরও দুই থেকে চার পিপিটি বেড়ে গেছে। এ কারণে ধানের চারা পুড়ে যাচ্ছে। কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উত্পাদন কর্মকর্তা মো. মোকশেদ আলী জানান, টেকনাফের পুরো উপজেলায় লবণাক্ততার পরিমাণ বেশি দেখা যাচ্ছে। তাই এখন থেকে টেকনাফের চাষিদের ব্রি-৩০ ও ৩২ জাতের পরিবর্তে লবণসহিষ্ণু ব্রি-৪০ ও ৪১ জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। মোকশেদ আলী জানান, কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কয়েক হাজার একরের আমন চারা পুড়ে যেতে দেখেছেন।