অনার্স কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে চান উপাচার্যরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান (অনার্স) পড়ানো হয়, এমন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশের সঙ্গে দ্বিমত পোষণ করেননি কেউই।

আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনার্স কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার ব্যাপারে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই মত দেন। বৈঠকে ইউজিসি এ বিষয়টি বাস্তবায়নের জন্য একটি কমিটি করেছে। ইউজিসির সদস্য অধ্যাপক মোহাব্বত খানকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে উপাচার্যদের মতামত নেওয়ার জন্য ওই বৈঠক আয়োজন করে ইউজিসি।

বৈঠকে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরকারি অনার্স ও মাস্টার্স কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা অতি জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদও প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনায় একমত জানান। তবে তিনি প্রশ্ন তুলে বলেন, শুধু সরকারি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের আওতায় আনলে বেসরকারি কলেজগুলোর কী হবে? সে ক্ষেত্রে তিনি সরকারির পাশাপাশি বড় বেসরকারি কলেজগুলোকেও বিশ্ববিদ্যালয়ের অধীনে আনলে ভালো হবে বলে মত দেন। এ ব্যাপারে তিনি বলেন, এটি বাস্তবায়ন করার জন্য একটি সমীক্ষা করা দরকার। তাহলে সবার মত জানা যাবে।

বক্তব্য দিতে গিয়ে প্রায় সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই এই সিদ্ধান্তের সঙ্গে নীতিগতভাবে একমত। তবে কেউ কেউ বলেছন, এ জন্য অবকাঠামো ও জনবল বাড়াতে হবে। তা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলেও সিদ্ধান্ত নিতে হবে।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ আছে দুই হাজার ১৫৪টি। এর মধ্যে অনার্স পড়ানো হয় ৫৫৫টি কলেজে। সরকারি কলেজ আছে ২৭৯টি। এর মধ্যে অনার্স পড়ানো হয় ১৮১টিতে।

আরও জানতে পড়ুন: