অনাস্থা প্রকাশ দুই মনোনয়নপ্রত্যাশীর:s বিএনপির প্রার্থী বাছাই কমিটির সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছিল। গত বুধবার ছিল ওই কমিটির সভা। কিন্তু তুমুল হট্টগোল হওয়ায় সভা পণ্ড হয়ে গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে কয়েকবার বৈঠক করেও সাত সদস্যের বাছাই কমিটি মেয়র প্রার্থী হিসেবে বিএনপি থেকে কাউকে চূড়ান্তভাবে মনোনয়ন দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের অন্য দুজন মনোনয়নপ্রত্যাশীকে একত্র হওয়ার আহ্বান জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ইচ্ছুক মো. আক্তার হোসেন পাটওয়ারী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মোস্তফা কামালের মধ্যে সমঝোতা না হওয়ায় গত বুধবার ওই কমিটি ওয়ার্ডপর্যায় থেকে ভোটাভুটির সিদ্ধান্ত গ্রহণ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, ভোটের মাধ্যমে আক্তার হোসেন ও মোস্তফা কামালের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও বাছাই কমিটি এ তালিকায় আবুল খায়েরকে নতুন করে যুক্ত করে। এ কারণে সভা শুরু হওয়ার পর আক্তার হোসেন ভোটাভুটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, দুজনের পরিবর্তে তিনজনকে নিয়ে ভোটাভুটির আয়োজন করা হয়েছে। আমাদের না জানিয়ে বাছাই কমিটি কেন এ সিদ্ধান্ত নিয়েছে।’ একপর্যায়ে আক্তার হোসেন ব্যালট পেপার ছুড়ে মারেন। পরে তুমুল হট্টগোল শুরু হয়। এর আগে মেয়র প্রার্থী মোস্তফা কামাল সভায় উপস্থিত হয়ে কমিটির সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং কমিটির সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। আক্তার হোসেনও কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। আক্তার হোসেন পাটওয়ারী বলেন, ‘আমাদের বাদ দিয়ে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়ায় এটাই প্রমাণিত হয়, এখানে নীলনকশার মাধ্যমে আমাদের হেয় করা হতো।’মোস্তফা কামাল বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি সবার সহযোগিতা নিয়ে নির্বাচনে অংশ নেব।’