বোমায় আহত অনিকের চিকিসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার লেনিন হাসপাতালে অনিককে দেখতে যান। ছবি সংগৃহীত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার লেনিন হাসপাতালে অনিককে দেখতে যান। ছবি সংগৃহীত।

বোমার আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য অনিককে বিদেশে নেওয়ারও নির্দেশ দেন তিনি।

সরকারের বছরপূর্তিতে আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা’ দিবস ও বিএনপি জোটের ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির দিন ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ফেনী শহরের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আহত হয় অনিক। সে এখন পর্যন্ত ডান চোখে দেখতে পারছে না। চোখ খুলতেও পারছে না। বাম চোখে অল্প দেখছে।
আগামী ২ ফেব্রুয়ারি অনিকের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে। অনিক রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে অনিক ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিল।
আজ শনিবার বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক চিকিৎসক জুলফিকার লেনিন অনিককে দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান।
জুলফিকার লেনিন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘অনিক বার বার জানতে চাইছিল “আমি কি পরীক্ষা দিতে পারব না? ” কথাটা শুনতেই খুব খারাপ লাগছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিকের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ অনিকের বাবাকে অনিকের পাসপোর্ট করার জন্য বলা হয়েছে। অনিক যাতে দ্রুত বিদেশ যেতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত অনিককে মাদ্রাজে নেওয়ার চিন্তাভাবনা চলছে। ’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অনিক ও তার মা। ছবি তুলেছেন প্রথম আলোর আবদুস সালাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অনিক ও তার মা। ছবি তুলেছেন প্রথম আলোর আবদুস সালাম।

অনিকের বাবা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার সাধ্য নেই ছেলেকে উন্নত চিকিৎসা করানোর। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ছেলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বিদেশে নিতে যা খরচ সব দেবেন। ’
মিজানুর রহমান ওমান থাকেন। ছেলের এমন খবর পেয়ে দেশে আসতে বাধ্য হয়েছেন। মিজানুর রহমান জানালেন, অনিক তাঁর একমাত্র ছেলে। আর এক মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ছে। ওমানে থাকা অবস্থায় ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমানের ডান হাত ভেঙে যায়। শরীরের অন্যান্য অংশও বলতে গেলে অকেজো। দুর্ঘটনার জন্য বিমার টাকা পান তিনি। এ ছাড়া কারখানার মালিক এখন তাঁকে রেখেছেন শুধু বসে বসে কাজ তদারকি করার জন্য।
মিজানুর রহমানের আক্ষেপ শেষই হচ্ছিল না, সঙ্গে ক্ষোভও প্রকাশ করলেন। তিনি বলছিলেন, ‘আমার ছেলে নিষ্পাপ। রাজনীতিবিদরা আছেন রাজনীতি নিয়ে। আর দুষ্কৃতকারীরা ২০০ / ৩০০ টাকার জন্য বোমা মারছে। আমি চাই আমার মতো আর কোনো বাবা বা মাকে যেন সন্তানের জন্য হাহাকার করতে না হয়। আমি চাই, যারা এগুলো করে তাদের যেন কঠিন শাস্তি হয়। ’ ছেলের জন্য সবার কাছে শুধু দোয়া চান তিনি।
বোমা হামলার ঘটনায় অনিক শুধু শব্দ শুনে এবং কপালে ও চোখে আঘাত পায়। তারপরই অজ্ঞান হয়ে যায়। অনিক ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ত। স্কুলের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি।
মিজানুর রহমান বলেন, ‘আমার ছেলে সাইন্স নিয়া পড়ছে। বুয়েট থেকে পাস করে ইঞ্জিনিয়ার, না হয় মেডিকেলে পড়ে ডাক্তার হতে চাইছিল। এখন সে এসএসসি পরীক্ষা দিতে পারবে কি না, তাই জানি না। আমার সুস্থ ছেলের একটা অঙ্গ নষ্ট হয়ে গেল। ও কি আর আগের মতো সুস্থ হতে পারবে? ’
ক্ষোভ প্রকাশ করে অনিকের বাবা বলেন, ‘আমার এখন দেশে আসার দরকার ছিল না। এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে আসতে হইছে। ওর মা এক কাপড়ে ১২ দিন ধরে হাসপাতালে। ঘটনার দিন দুই ঘণ্টা আগেও ছেলের সঙ্গে টেলিফোনে কথা হয়। প্রাইভেটে যাবে, রিকশা ভাড়া নাই দেখে মন খারাপ করে বাড়ি থেকে বের হয়। ওর এক খালা রিকশাভাড়া দেয়। তার পরই দেশ থেকে ফোন, শুনি ওরে ঢাকা আনা হচ্ছে। কষ্ট করে দুই সন্তানকে লেখাপড়া করাচ্ছিলাম। আশা ছিল, ছেলে-মেয়েরা মানুষ হয়ে আমাদের দুঃখ দুর করবে। এখন ছেলের এই অবস্থা। জানি না ভবিষ্যতে কী হবে। ’
ঘটনার দিন অনিকসহ চার বন্ধু প্রাইভেট পড়তে বের হয়। পড়া শেষে দুই বন্ধু একদিকে যায়। আর দুজন অন্যদিকে যায়। রিকশার জন্য অপেক্ষা করছিল অনিক আর তার বন্ধু হৃদয়। তখন বোমার আঘাতে দুজনই গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে হৃদয়ও ডান চোখে দেখতে পাচ্ছে না।