অনিবন্ধিত বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
পোশাক কারখানাসহ দেশের যেসব শিল্পকারখানার বয়লারের বৈধ নিবন্ধন সনদ নেই, সেসব বয়লারের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১০ জুলাই রুলসহ এ আদেশ দেন, যা গতকাল মঙ্গলবার জানা যায়। একই সঙ্গে পোশাক উৎপাদনকারীসহ যেসব শিল্পকারখানায় বয়লার ব্যবহার হয়, সেগুলোর নিবন্ধন এবং এর নবায়ন নিশ্চিত করতে বয়লার আইন (১৯২৩) অনুসারে পরিদর্শনের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিদর্শন বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে পরবর্তী আদেশের জন্য ১ অক্টোবর দিন রাখা হয়েছে।
৩ জুলাই গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মালটিফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত এবং প্রায় ৫২ জন পথচারী ও শ্রমিক আহত হন। এ ঘটনা তুলে ধরে মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন ৯ জুলাই রিট আবেদনটি করেন।
আদেশের বিষয়টি জানিয়ে গতকাল আইনজীবী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে পোশাকশিল্পসহ যেসব কলকারখানায় অনিবন্ধিত বয়লার আছে, সেগুলো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পোশাকশিল্পসহ যেসব কলকারখানায় অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ বয়লার আছে, সে সম্পর্কে পরিদর্শন প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।
শিল্পসচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থানসচিব, আইনসচিব, দুর্যোগ ও ত্রাণসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রধান বয়লার পরিদর্শক ও প্রধান কারখানা পরিদর্শক বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।