‘সার্ক অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক ডার্মাটোলজি’ নামে চিকিৎসকদের একটি সংগঠন ২৮ ও ২৯ মে ঢাকায় দুই দিনব্যাপী সম্মেলন করার ঘোষণা দিয়েছে। তবে এই সংগঠনকে নিবন্ধনহীন এবং সম্মেলনের নামে দেশ থেকে টাকা পাচারের অভিযোগ করেছে বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলনকক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত সোসাইটির এক সভা থেকে এই অভিযোগ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। সভায় সোসাইটির ৩০ জন সদস্য অংশ নেন।
অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, চর্মরোগ চিকিৎসকদের ‘সার্ক রিজিওনাল অব ডার্মাটোলজি’ নামে সার্ক সেক্রেটারিয়েট থেকে একটি নিবন্ধিত সংগঠন রয়েছে। এখন ‘সার্ক অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক ডার্মাটোলজি’ নামে একটি অনিবন্ধিত চিকিৎসক সংগঠন ঢাকার একটি হোটেলে দুই দিনের সম্মেলন করার ঘোষণা দিয়েছে। এই সংগঠনটি ঠিকানা ব্যবহার করেছে ভারতের।
অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, সম্মেলনের জন্য ভারতের লক্ষ্ণৌর একটি ব্যাংকের ঠিকানায় টাকা জমা দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন চর্মরোগ চিকিৎসকদের কাছে ফরম পাঠানো হয়েছে। এটা বাংলাদেশ থেকে টাকা পাচারের কূটকৌশল। এই সম্মেলন বন্ধ করার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ‘সার্ক অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক ডার্মাটোলজি’র সহসভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সম্পাদক সরকার মাহবুব আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পেশাগত বিদ্বেষ থেকে তাঁরা আমাদের এই সম্মেলনের বিরোধিতা করছেন। আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। আর সার্ক ডার্মাটোলজি সোসাইটি আগে যেটা ছিল, সেটা এখন অকার্যকর। আমরা এখানকার চিকিৎসকদের পেশাগত উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। সম্মেলনে সার্কের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা আসবেন। তাঁরা প্রবন্ধ উপস্থাপন করবেন।’ সম্মেলনের নামে টাকা পাচারের অভিযোগকে তিনি অপপ্রচার বলেও দাবি করেন।
গতকালের সভায় আরও অভিযোগ করা হয়, ভারতের কিছু চিকিৎসক এখানে এসে অনিবন্ধিত সংগঠনের নামে টাকা পাচার করতে চাইছেন। তাঁদের সঙ্গে স্থানীয় কিছু চিকিৎসকও জড়িত। এই সম্মেলন বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান অধ্যাপক মনসুর উল আলম, সহকারী অধ্যাপক রফিকুল মওলা, চিকিৎসক আবুল কাশেম চৌধুরী, মো. শাহ আলম, শামসুন নাহার প্রমুখ।