বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের সঙ্গে আরও ছয় শিক্ষকের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি।
চলতি বছরের গত ২ মার্চ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩০৬ জন কর্মচারী নিয়োগ দেন সাবেক উপাচার্য মো. রফিকুল হক। কিন্তু এ ক্ষেত্রে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ আনে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে ওই নিয়োগ স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ-বাণিজের অভিযোগ এবং ফোরামের শৃঙ্খলা ভঙ্গের কারণ খতিয়ে দেখতে গত ৯ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’।