অনিয়মের কারণে 'শিক্ষার্থীশূন্য' বিদ্যালয়
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের আনন্দবাজার বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে চলছে অনিয়ম আর দুর্নীতি। ফলস্বরূপ শিক্ষাপ্রতিষ্ঠানটি হয়ে পড়েছে শিক্ষার্থীশূন্য। এমনকি সম্প্রতি শিক্ষা কার্যালয় থেকে এর এমপিও বাতিল বা স্থগিতের সুপারিশ করা হয়েছে। ব্যবস্থাপনা কমিটির অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
১৯৯৫ সালে স্থাপিত বিদ্যালয়টি ২০০০ সালে এমপিওভুক্ত হয়। কিন্তু এরপর অবস্থার আর কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন নাজুক হয়েছে। এ বছর এখানকার শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়নি। কারণ হিসাবে চলতি বছর এখানে কোনো শিক্ষার্থী না থাকার কথা উল্লেখ করেছে জেলা শিক্ষা কার্যালয়। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে শুধু ২০১১ সালে জেএসসি পরীক্ষায় তিনজন কৃতকার্য হয়।
এদিকে চলতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করে কোনো শিক্ষার্থী পাননি। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ আগস্ট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন আকসিঞ্চক পরিদর্শনে গিয়ে কোনো ছাত্রী না থাকায় পাঠদান বন্ধ দেখতে পান। জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, তিনি কয়েক মাস আগে গিয়ে বিদ্যালয়টিতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী দেখতে পাননি।
১০ ও ১১ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে গিয়ে প্রথম দিন অষ্টম শ্রেণীতে চার এবং দ্বিতীয় দিন দুজন শিক্ষার্থী পাওয়া যায়। আর কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। এ সময় আরও দেখা যায়, বিদ্যালয় মাঠের অধিকাংশজুড়ে পানি জমে আছে। বিদ্যালয়ের নামে উঠানে লম্বা একটি টিনের দোচালা ঘর থাকলেও তার বেড়া, দরজা, জানালা কিছুই নেই। নেই চেয়ার, টেবিল, বেঞ্চ। উল্টো বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে কালমাটি শান্তি শিশুনিকেতন নামের একটি কিন্ডারগার্টেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল ইসলাম বসুনিয়া দাবি করেন, চলতি বছর এখানে তিন শ্রেণীতে ৫০ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইরশাদুল হক জানান, ৩০ জন শিক্ষার্থী পড়ছে। বিদ্যালয়টির নাজুক অবস্থা সম্পর্কে তিনি বলেন, কিছু সমস্যা আছে। কারণ কী, তা-ও সবাই জানেন। তিনি এর চেয়ে বেশি কিছু বলতে সম্মত হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ব্যবস্থাপনা পর্ষদের অদক্ষতা, অযোগ্যতা, স্বেচ্ছাচারিতা, নিয়োগ-বাণিজ্য এবং প্রধান শিক্ষক পদে দুই ভাইকে নিয়ে খেলার কারণে বিদ্যালয়টির এ করুণ অবস্থা হয়েছে।
এই অবস্থার পরও বিদ্যালয়টির তিনটি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ১৬ জুলাই জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ব্যবস্থাপনা পর্ষদ বিজ্ঞাপন দিয়েছে। বর্তমানে সাময়িক বরখাস্তে থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বসুনিয়া বলেন, ‘২০০৬ সালে আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্তের পর জুনে আবার নিয়োগ দেওয়া হয়। তখন পর্ষদের সভাপতি ওই নিয়োগের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের জন্য চাপ দেন। প্রয়োজনীয় শিক্ষার্থী এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় আমি আপত্তি করি। এতে আমাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। এখন সহকারী শিক্ষক আমার ভাই আখতারুল ইসলাম বসুনিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে সভাপতি তাঁর স্বার্থ হাসিল করিয়ে নিচ্ছেন।’
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘গত ১৯ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিদ্যালয়টির বর্তমান পরিস্থিতি জানিয়ে এমপিও বাতিল বা স্থগিতের সুপারিশ করে জরুরি চিঠি পাঠিয়েছি।’